Logo

যে দলের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল খেলতে চান লিওনেল স্কালোনি

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ জুলাই, ২০২৬, ২১:৩৪
যে দলের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল খেলতে চান লিওনেল স্কালোনি
ছবি: সংগৃহীত

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মনে করেন, এবারের বিশ্বকাপের লড়াই আগের যেকোনো আসরের তুলনায় বেশি কঠিন ও অনিশ্চিত। তার মতে, আর্জেন্টিনা এখনও শিরোপার অন্যতম দাবিদার হলেও কোনো দলকেই এককভাবে ফেভারিট বলা যাচ্ছে না।

বিজ্ঞাপন

রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে নাটকীয় জয় তুলে নেওয়ার পর শেষ ষোলোয় মিশরের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আসন্ন প্রতিপক্ষের পাশাপাশি সম্ভাব্য বিশ্বকাপ ফাইনাল নিয়েও কথা বলেন স্কালোনি। সেখানে তিনি জানান, সুযোগ পেলে স্পেনের বিপক্ষেই ফাইনাল খেলতে চাইবেন।

স্পেন সম্পর্কে স্কালোনি বলেন, ‘একটি দলকে ফেভারিট বলতে কী কী মানদণ্ড লাগে, তা বলা কঠিন। তবে স্পেন টুর্নামেন্টে প্রতিটি ম্যাচের সঙ্গে নিজেদের আরও উন্নত করেছে। তারা ধীরে ধীরে আরও শক্তিশালী ও পরিণত দলে পরিণত হয়েছে।’

তবে স্পেনের প্রশংসা করলেও কোনো দলকে এগিয়ে রাখতে রাজি নন আর্জেন্টিনা কোচ। তার ভাষায়, ‘বিশ্বকাপ খুবই জটিল একটি প্রতিযোগিতা। দীর্ঘ ভ্রমণ, গরম আবহাওয়া, মাঠের অবস্থা এবং বলের আচরণ—সবকিছুই ম্যাচে প্রভাব ফেলে। তাই কাউকে পরিষ্কার ফেভারিট বলা কঠিন। এখন পর্যন্ত কোনো পরাশক্তিই অন্যদের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে নেই।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

একপর্যায়ে হাস্যরসের সুরে স্কালোনি বলেন, ‘স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে হলে আমি এখনই চুক্তিতে সই করতে রাজি। তবে সেই পথ এখনও অনেক দীর্ঘ। দুই দলকেই সেখানে পৌঁছাতে বেশ কিছু কঠিন পরীক্ষা পেরোতে হবে।’

তিনি আরও বলেন, এবারের বিশ্বকাপে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শক্তিশালী দলগুলোও প্রত্যাশামতো আধিপত্য দেখাতে পারছে না। উদাহরণ হিসেবে ফ্রান্সের কথা উল্লেখ করে তিনি বলেন, শক্তিশালী দল হয়েও প্যারাগুয়ের বিপক্ষে তাদের কঠিন লড়াই করতে হয়েছে। এতে স্পষ্ট, এই বিশ্বকাপের বাস্তবতা আগের আসরগুলোর চেয়ে ভিন্ন।

বিজ্ঞাপন

খেলোয়াড়দের শারীরিক ক্লান্তিকেও এর একটি বড় কারণ হিসেবে দেখছেন স্কালোনি। তার মতে, দীর্ঘ ক্লাব মৌসুম শেষে অনেক ফুটবলার বিশ্বকাপে অংশ নিয়েছেন। সেই ধকলের প্রভাব মাঠের খেলায় পড়ছে। এজন্য টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো দলই নিজেদের সেরা ফুটবল উপহার দিতে পারেনি এবং শুরুতে যাদের ফেভারিট ধরা হয়েছিল, তারাও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD