Logo

ইসরায়েলিদের গুলিতে ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই, ২০২৬, ১২:২০
ইসরায়েলিদের গুলিতে ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু
ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলার সময় গুলিবিদ্ধ হয়ে ফাদি হামদাল্লাহ আল-নাসান (১৭) নামে এক ফিলিস্তিনি তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। তার পরিবারের সদস্য, স্থানীয় কর্মকর্তারা এবং ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

নিহত ফাদি হামদাল্লাহ আল-নাসান ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের নিয়মিত সদস্য ছিলেন। গত ১১ জুলাই পশ্চিম তীরের আল-মুঘাইয়ির গ্রামে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলার সময় তিনি গুলিবিদ্ধ হন। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৮ জুলাই) তিনি মারা যান।

ফাদির মৃত্যুর ঘটনায় অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতিস্থাপনকারী ও সেনাদের সহিংসতা নিয়ে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সেখানে ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ হলেও দীর্ঘদিন ধরেই এ কার্যক্রম চলমান রয়েছে বলে অভিযোগ করে আসছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা পশ্চিম তীরে ইসরায়েলের নীতিকে বৈষম্যমূলক বা ‘অ্যাপার্টহাইড’ ব্যবস্থা হিসেবে আখ্যা দিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফাদি আল-মুঘাইয়ির ক্লাবের হয়ে খেলতেন এবং ফিলিস্তিনের জাতীয় যুব দলের নিয়মিত সদস্য ছিলেন। শনিবার রামাল্লার প্যালেস্টাইন মেডিকেল কমপ্লেক্স থেকে তার মরদেহ নিজ গ্রাম আল-মুঘাইয়িরে নেওয়া হয়। পরে সেখানে তাকে দাফন করা হয়।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, বসতিস্থাপনকারীদের হামলার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফাদির ঊরুতে গুরুতর আঘাত লাগে। পরে চিকিৎসকদের তার একটি পা কেটে ফেলতে হয়। শেষ পর্যন্ত সেই আঘাতেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে পিএফএ জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১৩ জনে পৌঁছেছে। এর মধ্যে ৫৬৮ জন ফুটবল অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন।

ফাদির বাবা হামদাল্লাহ আল-নাসান জানান, হামলার সময় মেয়েদের চিৎকার শুনে তার ছেলে ঘটনাস্থলের দিকে ছুটে গিয়েছিল। সেখানেই তিনি গুলিবিদ্ধ হন।

অন্যদিকে ফাদির মা হানান আল-নাসান বলেন, তার ছেলে একজন মেধাবী শিক্ষার্থী ছিল। খেলাধুলা, বিশেষ করে ফুটবলের প্রতি তার ছিল প্রবল আগ্রহ ও ভালোবাসা। মাঠের ভেতরে ও বাইরে তার ব্যবহার সবার মন জয় করেছিল। তাই এলাকার মানুষও তাকে খুব স্নেহ করতেন।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD