Logo

ইরানের হামলায় নিহত ২ মার্কিন সেনা, পাল্টা ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই, ২০২৬, ১১:৩১
ইরানের হামলায় নিহত ২ মার্কিন সেনা, পাল্টা ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ রয়েছেন। হামলার পরপরই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে ব্যাপক বিমান অভিযান শুরু করেছে। রোববার (১৯ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই সেনা নিহত হন। একই হামলায় আরও একজন সেনাসদস্য নিখোঁজ হওয়ার তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হামলার পর আহত চার সেনাকে জর্ডানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আহতদের মধ্যে অন্যরা ইতোমধ্যে নিজ নিজ দায়িত্বে ফিরে গেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে নিরাপত্তাজনিত কারণে নিহত সেনাদের পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার সুনির্দিষ্ট স্থান বা অভিযানের বিস্তারিত সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করেনি মার্কিন সামরিক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সেন্টকমের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার রাতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। টানা অষ্টম রাতের অভিযানে মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা দুর্বল করা।

মার্কিন বাহিনীর দাবি, জর্ডানে অবস্থানরত সেনাদের ওপর হামলার জন্য দায়ী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-সংশ্লিষ্ট বাহিনীকে দ্রুত জবাব দেওয়াই এই অভিযানের অন্যতম উদ্দেশ্য। যদিও এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এরই মধ্যে ওয়াশিংটন ইরানের কয়েকটি বন্দরের ওপর পুনরায় অবরোধ আরোপ করেছে। অন্যদিকে তেহরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

বিজ্ঞাপন

শনিবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করে প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো বিশ্বাসযোগ্যতা বা কার্যকারিতা নেই।

এর আগে জর্ডানের সামরিক বাহিনী জানায়, রাতভর দেশটির আকাশসীমায় প্রবেশ করা অন্তত ১০টি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তাদের দাবি, এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হওয়ায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

চলতি মাসের শুরুতে নিখোঁজ হওয়া এক মার্কিন নৌবাহিনীর পাইলটকে মৃত ঘোষণা করার পর চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

শনিবার প্রকাশিত আরেক বিবৃতিতে সেন্টকম পুনরায় নিশ্চিত করেছে যে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন।

এ ঘটনার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক শোকবার্তায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগ যুক্তরাষ্ট্রের সংকল্পকে আরও দৃঢ় করবে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরজিসির বরাত দিয়ে দাবি করেছে, শনিবার ভোরে জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে পরিচালিত হামলায় অন্তত দুটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বিবিসির তথ্য অনুযায়ী, এ বিষয়ে সেন্টকমের কাছে জানতে চাওয়া হলেও তারা ইরানের ওই দাবির বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সূত্র: বিবিসি

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD