Logo

যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষার’ হুঁশিয়ারি মোজতবা খামেনির

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই, ২০২৬, ১০:৩৫
যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষার’ হুঁশিয়ারি মোজতবা খামেনির
ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার কঠোর সমালোচনা করে ওয়াশিংটনকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র নিজেই সংঘাত আরও গভীর করেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক লিখিত বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভঙ্গের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো কার্যকারিতা বা বিশ্বাসযোগ্যতা নেই।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের ধারাবাহিক প্রতিশ্রুতি ভঙ্গ আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। এতে আরও দাবি করা হয়, চাপ প্রয়োগ, আধিপত্য বিস্তার এবং সামরিক আগ্রাসন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নীতির অংশ হয়ে রয়েছে।

বিজ্ঞাপন

মোজতবা খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি সংঘাত আরও বাড়ানোর পথেই এগিয়ে যেতে চায়, তাহলে ইরান এবং তার আঞ্চলিক মিত্ররা এমন জবাব দেবে, যা ওয়াশিংটনের জন্য দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বেসামরিক অবকাঠামো—যার মধ্যে সেতু, রেললাইন এবং পানি পরিশোধন কেন্দ্রও রয়েছে—এসব স্থাপনায় হামলা জোরদার করেছে বলে তেহরানের দাবি। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান কুয়েতের বেসামরিক অবকাঠামোতে সফল হামলা চালিয়েছে বলেও জানানো হয়েছে। হামলার প্রভাবে দেশটির কর্তৃপক্ষ নাগরিকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া ইসলামাবাদ চুক্তির পরও যুক্তরাষ্ট্র একাধিক দফায় ইরানে হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান। ইরানের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসব হামলায় মিনাব এলাকার একটি বিদ্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে শতাধিক শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। একই সঙ্গে দেশটির পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা টানা সাত রাত ধরে ইরানে সামরিক অভিযান পরিচালনা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে বলে সেন্টকম উল্লেখ করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, অভিযান অষ্টম দিনেও অব্যাহত রয়েছে।

পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠায় যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মার্কিন বাহিনী যদি হামলা চালিয়ে যায়, তাহলে ইরান কেবল পাল্টা হামলায় সীমাবদ্ধ থাকবে না; প্রয়োজনে পূর্ণমাত্রার যুদ্ধে অংশ নেবে।

শুক্রবার রাতের হামলার পর দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র আগ্রাসন অব্যাহত রাখলে সংঘাত আরও বিস্তৃত হবে এবং সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD