আর্জেন্টিনা ও মেসিকে প্রশংসায় ভাসালেন রোনালদিনহো

বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা এবং অধিনায়ক লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ মেসির পাশাপাশি পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ও দলগত পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম জে গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘আর্জেন্টিনা সবসময় এমন ফুটবলই খেলে। এই ধরনের লড়াকু ও হৃদয় উজাড় করে খেলা দেখতে আমার খুব ভালো লাগে। প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের যে নিবেদন এবং আত্মত্যাগ দেখা যায়, তা সত্যিই অসাধারণ।’
আর্জেন্টিনার মানসিক দৃঢ়তা এবং অধিনায়ক লিওনেল মেসির প্রভাব নিয়ে আলাদা করে কথা বলেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। তিনি বলেন, ‘আর্জেন্টিনা সবসময়ই এমন, তাই না? এটা অদম্য মনোবল আর অকৃত্রিম হৃদয়ের জোর। তাদের এই সুনাম আগে থেকেই ছিল এবং এবারও তারা একই রূপে ফাইনালে এসেছে। আর সেখানে তো আমার বন্ধু মেসি আছেই, যে একাই দলের যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দলের ভেতরের চমৎকার বোঝাপড়া এবং অধিনায়ক মেসির জন্য বাকিদের উজাড় করে দেওয়ার মানসিকতারও প্রশংসা করেন এই ব্রাজিলিয়ান জাদুকর। রোনালদিনহো বলেন, ‘এই দলটার মধ্যে দারুণ এক নম্রতা আছে। মাঠের সবাই মেসির জন্য দৌড়ায়। তারা খুব ভালো করেই জানে কখন বলটা মেসির পায়ে দিতে হবে এবং এটাও জানে যে মেসি যে কোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। দলটার এই একতা দেখা সত্যিই ভীষণ সুন্দর।’
বার্সেলোনার মূল দলে মেসির অভিষেকেরও আগে থেকেই রোনালদিনহো ও মেসির সম্পর্কের শুরু। ন্যু ক্যাম্পে টানা চার মৌসুম তারা একই ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন। এই সময়ে দুজন একসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগসহ পাঁচটি অফিসিয়াল শিরোপা জিতেছেন। দীর্ঘ সময়ের সেই সতীর্থত্ব ধীরে ধীরে গভীর বন্ধুত্বে রূপ নেয়, যা এত বছর পরও অটুট রয়েছে। সেই পুরোনো বন্ধুত্বের টান থেকেই বিশ্বকাপের ফাইনালের আগে নিজের শুভকামনা ও প্রশংসা উজাড় করে দিলেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার।








