ব্রাজিল দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর জাতীয় দলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছিলেন নেইমার জুনিয়র। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, ব্রাজিল জাতীয় দলের হয়ে তার অধ্যায় শেষ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ জুলাই) কোপা সুদামেরিকানায় ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর সান্তোসের এই তারকা মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানেই ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড জানান, জাতীয় দলের হয়ে আর খেলার কোনো পরিকল্পনা নেই।
নেইমার বলেন, “জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। এই জার্সি গায়ে আমি অনেক স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি। দেশের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এখন আর এগিয়ে যেতে চাই না।”
এর মধ্য দিয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আন্তর্জাতিক ক্যারিয়ারে কার্যত ইতি টানলেন তিনি। এখন থেকে পুরো মনোযোগ থাকবে ক্লাব ফুটবলে। ২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল তার। এরপর ব্রাজিলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯টি অ্যাসিস্ট করেছেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। সেই ম্যাচে দলের একমাত্র গোলটি করেছিলেন নেইমার। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে তিনি বলেছিলেন, “বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। এখানেই সবকিছুর সমাপ্তি।”
জাতীয় দলের হয়ে নেইমারের সবচেয়ে বড় সাফল্য ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ জয়। এছাড়া ২০১৬ সালের রিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দিয়ে ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের স্বর্ণপদক এনে দেন তিনি। তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল। সম্প্রতি ২০৩০ বিশ্বকাপে তাকে আবারও দেখা যেতে পারে—এমন গুঞ্জন থাকলেও সর্বশেষ বক্তব্যে সেটির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
বিজ্ঞাপন
এদিকে সম্প্রতি চ্যাপেকোয়েন্সের বিপক্ষে সান্তোসের ২-২ ড্রয়ের পর ড্রেসিংরুমে তরুণ সতীর্থদের তিরস্কার করার অভিযোগও ওঠে নেইমারের বিরুদ্ধে। তবে তিনি অভিযোগটি নাকচ করে বলেন, ম্যাচ শেষে তিনি শুধু সবাইকে আরও ভালো খেলার তাগিদ দিয়েছিলেন। অধিনায়ক হিসেবে এমন কথা বলা তার দায়িত্ব ছিল এবং অন্য জ্যেষ্ঠ খেলোয়াড়রাও একই বার্তা দিয়েছেন।
সূত্র: অ্যাক্টু ফুট








