‘আমরা একটি নতুন দল গঠন করব’ কী ইঙ্গিত দিলেন কোচ আনচেলত্তি?

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। সেই হতাশা পেছনে ফেলে এখন নতুন পরিকল্পনায় এগোতে চান প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপ শেষে তিন সপ্তাহ বিরতির পর ব্রাজিলে ফিরে জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আলোচনায় উঠে এসেছে দল পুনর্গঠন এবং তরুণদের সুযোগ দেওয়ার বিষয়টি।
বিজ্ঞাপন
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর এই প্রথম ব্রাজিলে ফিরলেন ইতালিয়ান এই কোচ। মঙ্গলবার সিবিএফ সদর দপ্তরে জাতীয় দলের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে তিনি আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচের জন্য দল নির্বাচন, সফর পরিকল্পনা, লজিস্টিকস এবং কারিগরি বিষয় নিয়ে আলোচনা হয়। বিশ্বকাপের পর ব্রাজিলের প্রথম আন্তর্জাতিক সিরিজ হবে আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে টাউনসভিল ও ব্রিসবেনে। আন্তর্জাতিক বিরতির সময় আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের সুযোগ থাকলেও প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
সিবিএফের প্রকাশিত বক্তব্যে আনচেলত্তি বলেন, “আমরা একটি নতুন দল গঠনের কাজ শুরু করব। তরুণ ফুটবলারদের পর্যবেক্ষণ ও নিজেদের প্রমাণের সুযোগ দেওয়া হবে। তবে যারা বিশ্বকাপে খেলেছে এবং এখনও জাতীয় দলকে অনেক কিছু দেওয়ার সামর্থ্য রাখে, সেই অভিজ্ঞদেরও বিবেচনায় রাখা হবে।”
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিশ্বকাপ শেষে আনচেলত্তি সরাসরি ব্রাজিলে না ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে কানাডায় নিজের বাসভবনে যান। তিন সপ্তাহ পর তিনি আবার জাতীয় দলের দায়িত্বে ফিরেছেন।
মঙ্গলবারের বৈঠকে আনচেলত্তির সঙ্গে উপস্থিত ছিলেন সিবিএফের পুরুষ জাতীয় দলের সাধারণ সমন্বয়ক রদ্রিগো কায়েতানো, সাধারণ ব্যবস্থাপক সিসেরো সৌজা, তত্ত্বাবধায়ক সের্জিও দিমাস, টেকনিক্যাল কো-অর্ডিনেটর হুয়ান, ফিটনেস কো-অর্ডিনেটর ক্রিস্তিয়ানো নুনেস, ফিজিওলজিস্ট গিলিয়ের্মে পাসোস এবং পারফরম্যান্স বিশ্লেষক ব্রুনো বাকেতে ও থোমাজ আরাউজো।
বিজ্ঞাপন
রদ্রিগো কায়েতানো বলেন, “জাতীয় দলের জন্য এটি নতুন অধ্যায়ের সূচনা। সামনে বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকাসহ গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলোকে সামনে রেখে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিতে চাই।”
আগামী নভেম্বরে আরেকটি ফিফা আন্তর্জাতিক বিরতি থাকলেও সে সময় ব্রাজিলের প্রতিপক্ষ এখনো নির্ধারণ হয়নি। ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হওয়ার কথা ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে। তার আগে ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকা কোপা আমেরিকাই হবে ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা।








