নতুন ব্রাজিল গড়তে ৩ অভিজ্ঞ ফুটবলারকে বাদ দিচ্ছেন আনচেলত্তি

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে নতুন পরিকল্পনায় এগোচ্ছে ব্রাজিল। দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, আগামী দিনের দল গঠনে তরুণদের ওপরই ভরসা রাখবেন তিনি। সেই পরিকল্পনায় নেইমার, দানিলো ও কাসেমিরোর মতো অভিজ্ঞ ফুটবলারদের আর জাতীয় দলে দেখা যাবে না।
বিজ্ঞাপন
বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে বিদায়ের ২৪ দিন পর ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোএসপোর্তে-কে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি তার প্রথম বছরের মূল্যায়নের পাশাপাশি বিশ্বকাপে কৌশলগত কিছু ভুলের কথাও স্বীকার করেন।
ব্রাজিল কোচ বলেন, ২০২৬ বিশ্বকাপের মধ্য দিয়েই জাতীয় দলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের অধ্যায় শেষ হয়েছে। তার ভাষায়, বিশ্বকাপে ৩০ বছরের বেশি বয়সী যেসব খেলোয়াড় ছিলেন, বিশেষ করে নেইমার, দানিলো ও কাসেমিরোর সময় শেষ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এরই মধ্যে ৩৪ বছর বয়সী নেইমার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। অন্যদিকে ৩৫ বছর বয়সী দানিলো এবং ৩৪ বছর বয়সী কাসেমিরো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা না দিলেও আনচেলত্তির বক্তব্যে স্পষ্ট, ভবিষ্যৎ পরিকল্পনায় তাদের জায়গা নেই।
এখন ব্রাজিলের মূল লক্ষ্য ২০২৮ সালের কোপা আমেরিকা। আনচেলত্তি বলেন, তারা এমন একটি প্রতিযোগিতামূলক দল গড়ে তুলতে চান, যেখানে নতুন ও প্রতিভাবান খেলোয়াড়রা দ্রুত নিজেদের জায়গা করে নিতে পারবে। তার মতে, আপাতত ২০৩০ বিশ্বকাপ নয়, ২০২৮ কোপা আমেরিকাকেই সামনে রেখে দল সাজানো হচ্ছে।
গোলরক্ষকের অবস্থানেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ইতালিয়ান এই কোচ। আলিসন ও এডারসনের অভিজ্ঞতার প্রশংসা করলেও তিনি জানান, ব্রাজিলিয়ান লিগে খেলা তরুণ গোলরক্ষকদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। ভবিষ্যতের জন্য নতুন বিকল্প তৈরি করাই এখন কোচিং স্টাফের অন্যতম লক্ষ্য।
বিজ্ঞাপন
সূত্র: গ্লোবোএসপোর্তে








