ভিনিসিয়ুস জুনিয়রকে আর আটকাবে না রিয়াল মাদ্রিদ!

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে রিয়াল মাদ্রিদের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। নতুন চুক্তি নিয়ে সমঝোতা না হলে তাকে ক্লাব ছাড়ার সুযোগ দিতে প্রস্তুত স্প্যানিশ জায়ান্টরা। এমনকি চুক্তি নবায়নে দেওয়া সর্বশেষ প্রস্তাবও আর বাড়াতে চায় না রিয়াল।
বিজ্ঞাপন
বিশ্বকাপ-পরবর্তী ছুটি শেষে আগামী সোমবার প্রাক-মৌসুম অনুশীলনে ফেরার কথা ভিনিসিয়ুসের। তবে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। রিয়ালের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে আর মাত্র এক বছর।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভিনিসিয়ুসের প্রতিনিধিদের সঙ্গে রিয়াল মাদ্রিদ কর্মকর্তাদের পরবর্তী বৈঠকের তারিখ এখনো নির্ধারিত হয়নি। নতুন চুক্তিতে সই করবেন, নাকি অন্য কোনো ক্লাবে যাওয়ার চেষ্টা করবেন—সেই সিদ্ধান্ত এখন ভিনিসিয়ুসের ওপরই ছেড়ে দিতে চায় রিয়াল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভিনিসিয়ুস ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলে আর্সেনাল নিজেদের অবস্থান শক্ত করতে পারে বলে একটি সূত্রের দাবি। তবে খেলোয়াড়টির ঘনিষ্ঠ আরেকটি সূত্র জানিয়েছে, ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে ভিনিসিয়ুসের কোনো যোগাযোগ হয়নি।
তবে ভিনিসিয়ুসকে দলে নেওয়ার বিষয়ে আর্সেনালের আগ্রহ রয়েছে এবং সম্ভাব্য চুক্তির বিষয়টি নিয়ে তারা কাজ করছে বলে জানা গেছে।
নতুন চুক্তি নিয়ে রিয়াল ও ভিনিসিয়ুসের প্রতিনিধিদের মধ্যে বেশ কিছুদিন ধরেই অচলাবস্থা চলছে। গত মৌসুমেও চুক্তি নবায়ন নিয়ে ভিনিসিয়ুসের তাড়াহুড়ো না থাকার কথা জানা গিয়েছিল। বিশ্বকাপ শেষ হওয়ার আগে এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনাও কম ছিল।
বিজ্ঞাপন
২৬ বছর বয়সী ভিনিসিয়ুস ২০১৮ সালে কিশোর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দেন। এরপর ধীরে ধীরে তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের দুটি ফাইনালে গোল করার পাশাপাশি ২০২৪ সালের ব্যালন ডি’অর ভোটে দ্বিতীয় হয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
সাবেক কোচ জাবি আলোনসোর অধীনে গত মৌসুমে ভিনিসিয়ুসের অসন্তোষের বিষয়টিও আলোচনায় আসে। বার্নাব্যুতে একটি এল ক্লাসিকো ম্যাচে তাকে বদলি করা হলে তার ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখা যায়। একই সময়ে রিয়াল টানা দুই মৌসুম বড় কোনো শিরোপা জিততে পারেনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে গ্রীষ্মকালীন দলবদলে বেশ সক্রিয় রিয়াল মাদ্রিদ। চলতি সপ্তাহেই ফরোয়ার্ড কার্লোস এস্পিকে দলে নিয়েছে তারা। উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে দলে ভেড়ানোর চুক্তিও প্রায় চূড়ান্ত। পাশাপাশি ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে দলে নেওয়ার ব্যাপারেও আশাবাদী ক্লাবটি।
প্রাক-মৌসুমের প্রথম প্রীতি ম্যাচে শনিবার অস্ট্রিয়ায় ফিওরেন্তিনার মুখোমুখি হওয়ার কথা রিয়াল মাদ্রিদের। এর আগে অনুশীলন মাঠে আলকোরকন ও লেগানেসের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে তারা। নতুন সংযোজন ডেনজেল ডামফ্রিস ও এস্পিকেও এই ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে।








