Logo

ব্যালন ডি’অরের শীর্ষ পাঁচে ১৯ বছরের লামিন ইয়ামাল

profile picture
ক্রীড়া ডেস্ক
৩ আগস্ট, ২০২৬, ২০:১৩
ব্যালন ডি’অরের শীর্ষ পাঁচে ১৯ বছরের লামিন ইয়ামাল
ছবি: সংগৃহীত

২০২৬ ব্যালন ডি’অর নিয়ে বিশ্বকাপের পারফরম্যান্সের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বেশ কয়েকজন তারকা নিজেদের অবস্থান শক্ত করেছেন। একই সঙ্গে পুরো মৌসুমজুড়ে ধারাবাহিক নৈপুণ্য দেখানো ফুটবলাররাও পুরস্কারটির অন্যতম দাবিদার হিসেবে আলোচনায় রয়েছেন।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে জায়গা পেয়েছেন রদ্রি, হ্যারি কেইন, লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসি।

র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে রয়েছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। বিশ্বকাপে গোল্ডেন বল জয়ের পাশাপাশি স্পেনকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। ক্লাব ফুটবলে চোট কাটিয়ে ফেরার কারণে মৌসুমের শুরুটা প্রত্যাশা অনুযায়ী না হলেও বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্স তাকে ব্যালন ডি’অরের অন্যতম শক্তিশালী দাবিদারে পরিণত করেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দ্বিতীয় অবস্থানে আছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে ২০২৫-২৬ মৌসুমে ৫১ ম্যাচে ৬১ গোল করেছেন তিনি। এর পাশাপাশি লিগ ও কাপ ডাবল জয়ের কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ছয় গোল করেছেন কেইন। ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে অনেক বিশ্লেষকই তাকে এবারের পুরস্কারের সবচেয়ে শক্তিশালী দাবিদার মনে করছেন।

তৃতীয় স্থানে রয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপের মতো দুটি বড় আন্তর্জাতিক শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। বার্সেলোনার হয়েও দুর্দান্ত মৌসুম কাটানো এই উইঙ্গারকে ভবিষ্যতের ব্যালন ডি’অর জয়ী হিসেবে বিবেচনা করছেন অনেকে।

চতুর্থ স্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে বড় কোনো শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন ফরাসি এই ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

তালিকার পঞ্চম স্থানে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও বিশ্বকাপে আট গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন তিনি। শেষ পর্যন্ত শিরোপা জিততে না পারলেও পুরো টুর্নামেন্টে তার পারফরম্যান্স দেখিয়েছে, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এখনও ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য রয়েছে মেসির।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD