ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন লিওনেল মেসি

স্পেনের রাজধানী মাদ্রিদের বিভিন্ন এলাকায় ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে তিনি ৮০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা, অনুদান দিয়েছেন।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়ে মেসিকে ধন্যবাদ জানিয়েছেন মাদ্রিদ আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো। তিনি জানান, মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পুনর্গঠন কার্যক্রমে মেসি এই অর্থ সহায়তা করেছেন।
মেসির মানবিক উদ্যোগের প্রশংসা করে আয়ুসো বলেন, মাদ্রিদের মানুষও শিগগির তাকে স্বাগত জানিয়ে প্রাপ্য সম্মান ও করতালির মাধ্যমে অভ্যর্থনা জানাতে আগ্রহী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মেসির এই অনুদান এমন এক সময়ে এলো, যখন দাবানলের পরবর্তী পরিস্থিতি সামাল দিতে স্প্যানিশ কর্তৃপক্ষ পুনর্গঠন ও নিরাপত্তামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রায় দুই সপ্তাহ ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। দাবানলপ্রবণ এলাকাগুলোতে জরুরি সেবা বিভাগের সদস্যরা এখনও নজরদারি চালিয়ে যাচ্ছেন।
বিশেষ করে সান হুয়ান জলাধারের আশপাশে আগুনের ছোট ছোট উৎস বা হটস্পট নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ। এ কাজে ১৬টি স্থলভিত্তিক দমকল ইউনিটের পাশাপাশি বনাঞ্চল অগ্নিনির্বাপণ দল ও পরিবেশরক্ষী বাহিনী যুক্ত রয়েছে।
এখনও পেলায়োস দে লা প্রেসা ও সান মার্তিন দে ভালদেইগলেসিয়াস শহরের সাতটি আবাসিক এলাকার বাসিন্দাদের নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।








