যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে পুড়ল শত শত বাড়িঘর ও স্থাপনা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুনের বিস্তার ঠেকাতে এবং বাসিন্দাদের নিরাপদ রাখতে অন্তত ৬০ হাজার মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে এরই মধ্যে অন্তত ৬০০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে।
বিজ্ঞাপন
দাবানলের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও আশপাশের এলাকায়। আগুনে প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঞ্চলেও নতুন করে দাবানল শুরু হয়েছে, যার কয়েকটি এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
কর্মকর্তারা জানান, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া বাসিন্দাদের মধ্যে স্পোকেনের মার্কিন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীরাও রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আবাসিক এলাকার কাছাকাছি আগুনের ভয়াবহতা ও ঘন কালো ধোঁয়া দেখা গেছে। কোথাও কোথাও আগুনে পুরো বাড়ি ধ্বংস হয়ে শুধু ইট-পাথরের চিমনি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন ওই অঞ্চলে শুষ্ক পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা কম বলে আশঙ্কা করা হচ্ছে। স্পোকেনে এক সংবাদ সম্মেলনে মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল পরিস্থিতি নিয়ে সতর্ক করে বলেন, বিপদ এখনো কাটেনি এবং সামনের দিনগুলো আরও কঠিন হতে পারে।
স্পোকেনের পাশাপাশি পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনের প্রায় ৫২৫ বর্গমাইল তৃণভূমিতেও আগুন ছড়িয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণে সেখানে প্রায় ১০ দিন ধরে বুলডোজার ও হেলিকপ্টারসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে কাজ করছেন অগ্নিনির্বাপক কর্মীরা। আগুনের কারণে এসব এলাকার আরও অন্তত ৬০০টি বাড়ি ও ৮০০টি স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে।
পরিস্থিতির অবনতির কারণে জাতীয় আবহাওয়া পরিষেবা পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম আইডাহো ও পশ্চিম মন্টানা অঞ্চলে বায়ুর মান নিয়ে লাল সতর্কতা জারি করেছে। একই সঙ্গে দাবানলের আশঙ্কা ও তীব্র তাপপ্রবাহের কারণে ইউটা, নেভাদা, ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনাতেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: এনবিসি নিউজ








