Logo

খেলতে আসছেন ‘বাংলাদেশের জামাই’, সঙ্গে খুলনার ছেলে

profile picture
ক্রীড়া ডেস্ক
৫ আগস্ট, ২০২৬, ১৩:৫৭
খেলতে আসছেন ‘বাংলাদেশের জামাই’, সঙ্গে খুলনার ছেলে
ছবি: সংগৃহীত

দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে আজ বুধবার বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। তবে এবারের সফরে ক্রিকেটীয় লড়াইয়ের পাশাপাশি থাকছে বিশেষ আবেগও। মালয়েশিয়া দলকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের জামাই হিসেবে পরিচিত সৈয়দ আজিজ বিন সৈয়দ মুবারক। তার নেতৃত্বাধীন দলেই রয়েছেন খুলনার ক্রিকেটার নাজমুস সাকিব, যিনি এবার নিজের জন্মভূমি বাংলাদেশের বিপক্ষেই মাঠে নামবেন।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার ক্রিকেটে দীর্ঘদিনের পরিচিত মুখ সৈয়দ আজিজ। ২০১৬ সালে মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে পরে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাঁহাতি ব্যাটার ও ডানহাতি মিডিয়াম পেসার আজিজ মালয়েশিয়ার হয়ে শতাধিক টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই ফরম্যাটে তার রান তিন হাজারের বেশি। অ্যাসোসিয়েট দেশগুলোর সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায়ও তিনি শীর্ষ পাঁচে রয়েছেন। বল হাতে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার শিকার ৭৬ উইকেট। অধিনায়ক হিসেবেও মালয়েশিয়ার হয়ে প্রায় ৬৫ শতাংশ ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে তার।

বিজ্ঞাপন

ক্রিকেটের বাইরে বাংলাদেশেও আজিজের রয়েছে বিশেষ পরিচয়। ২০২৩ সালে মালয়েশিয়ায় বাংলাদেশের চট্টগ্রামের মেহেদীবাগ এলাকার বাসিন্দা রওনাক নওয়ারের সঙ্গে তার পরিচয় হয়। প্রায় দুই বছরের সম্পর্কের পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে চট্টগ্রামে তাদের বিয়ে হয়।

বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছিলেন আজিজের পরিবারের সদস্যরাও। দুই দেশের পরিবার ও সংস্কৃতির এই বন্ধনকে অনেকে বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্কের একটি ভিন্নধর্মী উদাহরণ হিসেবে দেখেন। বাংলাদেশি নারীকে বিয়ে করা প্রথম মালয়েশিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবেও তাকে মনে করা হয়।

এবারের সফরে মালয়েশিয়া দলের আরেকটি আলোচিত নাম খুলনার নাজমুস সাকিব। মালয়েশিয়ার জার্সি গায়ে বাংলাদেশের বিপক্ষে খেলবেন তিনি। বাংলাদেশে বয়সভিত্তিক ক্রিকেটে অংশ নেওয়ার পর জীবিকার প্রয়োজনে মালয়েশিয়ায় পাড়ি জমান সাকিব। সেখানে ক্রিকেটে নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে জায়গা করে নেন দেশটির জাতীয় দলে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সফরের শুরুতে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মালয়েশিয়া। আগামী ৮ ও ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা। সিরিজ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে এইচপি স্কোয়াডও ঘোষণা করেছে। তরুণ ক্রিকেটারদের নিয়ে গঠিত দুই দলের এই লড়াই ভবিষ্যৎ খেলোয়াড়দের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সফরে মালয়েশিয়ার স্কোয়াড:

সৈয়দ আজিজ (অধিনায়ক), বিজয় উনি, বিরানদীপ সিং, সাইফ উল্লাহ, আহমাদ জুবাইদি, মুহাম্মদ আমির আজিম, আরিফ উল্লাহ, আজাব খান, প্রশান্ত মাধুকর, নাজমুস সাকিব, শারভিন মুনিয়ান্ডি, আসলাম খান বিন মালিক, আহমাদ আকিল ওয়াহিদ ও বিষভারুবেন কুমার।

মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি:

বিজ্ঞাপন

৮ আগস্ট: প্রথম টি-টোয়েন্টি, বাংলাদেশ এইচপি বনাম মালয়েশিয়া — মিরপুর

১০ আগস্ট: দ্বিতীয় টি-টোয়েন্টি, বাংলাদেশ এইচপি বনাম মালয়েশিয়া — মিরপুর

১২ আগস্ট: প্রথম ওয়ানডে, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম মালয়েশিয়া — বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ড

বিজ্ঞাপন

১৪ আগস্ট: দ্বিতীয় ওয়ানডে, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম মালয়েশিয়া — বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ড

১৬ আগস্ট: তৃতীয় ওয়ানডে, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম মালয়েশিয়া — বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ড

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD