বাবর আজমদের জন্য নতুন কোচ নিয়োগ দিলো পাকিস্তান

টেস্ট ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতা কাটাতে জাতীয় দলে নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও অভিজ্ঞ কোচ মাইকেল স্মিথকে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
লেভেল-৪ কোচিং সনদধারী মাইকেল স্মিথ এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের কোচিং স্টাফের সদস্য ছিলেন। চলতি মৌসুমে মুলতান সুলতানসের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। এবার পাকিস্তানের টেস্ট ও সীমিত ওভারের—দুই ফরম্যাটের জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন স্মিথ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ আগস্ট) স্মিথের নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় পিসিবি। এতদিন জাতীয় দলের জন্য নির্দিষ্ট কোনো ব্যাটিং কোচ ছিল না। জাতীয় নির্বাচক আসাদ শফিক বিভিন্ন সময়ে এই দায়িত্ব সামলালেও এখন থেকে ব্যাটিং বিভাগের পূর্ণ দায়িত্ব থাকবে স্মিথের হাতে।
বিজ্ঞাপন
ইংল্যান্ড সফর দিয়ে পাকিস্তানের সঙ্গে নতুন দায়িত্বে যাত্রা শুরু হবে স্মিথের। বাবর আজমের নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। আগামী ১৯ আগস্ট লিডসে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ব্যাটিং, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টেও দলের ব্যাটিং দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে।
ওই ম্যাচের প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৪৪ রান সংগ্রহ করার পর শেষ সাত উইকেট হারিয়ে মাত্র ৩৮ রান যোগ করতে পারে পাকিস্তান। পরে ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২০ রানেই অলআউট হয়ে যায় দলটি।
বিজ্ঞাপন
ব্যাটিংয়ে এমন ধস পাকিস্তানের জন্য প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এর প্রভাব পড়েছে দলের ফলাফলেও। সর্বশেষ ১৭টি টেস্টের মধ্যে ১৩টিতেই পরাজিত হয়েছে পাকিস্তান।
পরিসংখ্যানেও দলের ব্যাটিং সংকটের চিত্র স্পষ্ট। ২০২৫ সালের শুরু থেকে টেস্টে পাকিস্তানের শেষ চার ব্যাটারের গড় মাত্র ৯.৯১ রান, যা ওই সময়ে সব টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সর্বনিম্ন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অন্যদিকে, ২০২৪ সালের মে মাস থেকে পাকিস্তানের বোলাররা প্রতিপক্ষের শেষ চার ব্যাটারকে গড়ে ২৭.০২ রান করতে দিয়েছেন। এই পরিসংখ্যানও টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ।
এমন পরিস্থিতিতে পাকিস্তানের ব্যাটিং ইউনিটকে নতুনভাবে গড়ে তোলার বড় দায়িত্ব পড়েছে মাইকেল স্মিথের ওপর। ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে তিন ম্যাচের আসন্ন টেস্ট সিরিজেই তার কোচিং দক্ষতার প্রথম বড় পরীক্ষা হতে যাচ্ছে।








