Logo

তোমাকে নিয়ে হিংসা করবে মানুষ, এটাই স্বাভাবিক

profile picture
ক্রীড়া ডেস্ক
৬ আগস্ট, ২০২৬, ১৯:১৫
তোমাকে নিয়ে হিংসা করবে মানুষ, এটাই স্বাভাবিক
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের শারীরিক গঠন নিয়ে কটূক্তি ও বডি শেমিংয়ের ঘটনায় তার পাশে দাঁড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিজ্ঞাপন

ঘটনার সূত্রপাত ব্রাজিলের সাংবাদিক মার্সিয়া গোল্ডস্মিথের একটি ভাইরাল ইনস্টাগ্রাম ভিডিওকে ঘিরে। ভিডিওতে তিনি জর্জিনার শারীরিক গঠন নিয়ে করা অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানান। একই সঙ্গে নারীদের কোনো কাল্পনিক সৌন্দর্যের মানদণ্ড দিয়ে বিচার না করার আহ্বান জানান তিনি।

ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক মানুষের নজর কাড়ে। পরে ভিডিওটির মন্তব্যের ঘরে জর্জিনার প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন রোনালদো। সেখানে তিনি লেখেন, ‘আমি বিশ্বের সেরা মানুষটিকে ভালোবাসি।’

পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, ব্যক্তিগত আলোচনায় জর্জিনাকে এ ধরনের সমালোচনা নিয়ে আশ্বস্ত করেছেন রোনালদো। তার মতে, জর্জিনাকে ঘিরে এমন নেতিবাচক মন্তব্যের পেছনে অনেক সময় হিংসা কাজ করে। রোনালদোর বার্তা ছিল, ‘মানুষ তোমাকে নিয়ে হিংসা করবে, এটাই স্বাভাবিক।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে নিজের শারীরিক পরিবর্তন ও বডি ইমেজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বক্তব্য দিয়েছিলেন জর্জিনাও। ভক্তদের উদ্দেশে তিনি অবাস্তব সৌন্দর্যের মানদণ্ড অনুসরণ না করে নিজেদের শরীরকে ভালোবাসার আহ্বান জানান।

জর্জিনা বলেন, নারীর শরীরে সময়ের সঙ্গে পরিবর্তন আসা স্বাভাবিক। বরং দীর্ঘদিন সেই পরিবর্তন ধরে রাখতে পারা জীবিত থাকারই প্রমাণ। তার প্রশ্ন, কোন শরীরকে ‘সঠিক’ বলা হবে, সেই মানদণ্ড আসলে কে নির্ধারণ করে? একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, আনন্দ বা সুখেরও কি কোনো নির্দিষ্ট শারীরিক মাপ থাকতে পারে?

বিজ্ঞাপন

নিজের শারীরিক গঠন ও কার্ভ নিয়ে গর্ব প্রকাশ করে জর্জিনা জানান, তিনি নিজের শরীরকে ভালোবাসেন। যে শরীর তাকে ধারণ করেছে, নতুন জীবন সৃষ্টির সুযোগ দিয়েছে এবং নানা প্রতিকূলতার পর আবার উঠে দাঁড়ানোর শক্তি দিয়েছে—তার প্রতিটি রূপই সম্মান ও ভালোবাসার যোগ্য।

২০১৬ সালে স্পেনের মাদ্রিদে প্রথম দেখা হয় রোনালদো ও জর্জিনার। এরপর থেকে ক্রীড়া ও বিনোদন জগতের অন্যতম আলোচিত জুটি হিসেবে পরিচিত তারা। নেটফ্লিক্সের জনপ্রিয় ডকুমেন্টারি ‘আই অ্যাম জর্জিনা’র মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া মডেল ও উদ্যোক্তা জর্জিনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD