Logo

দেশের মাঠেই পর্তুগালের জার্সিতে বিদায় জানাতে পারেন রোনালদো

profile picture
ক্রীড়া ডেস্ক
২৩ জুলাই, ২০২৬, ১৮:২২
দেশের মাঠেই পর্তুগালের জার্সিতে বিদায় জানাতে পারেন রোনালদো
ছবি: সংগৃহীত

পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপের পর থেকেই তার অবসর নিয়ে নানা জল্পনা চললেও এবার শোনা যাচ্ছে, দেশের মাটিতেই জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলতে পারেন তিনি।

বিজ্ঞাপন

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগালের হয়ে অসাধারণ সাফল্য অর্জন করা রোনালদো এখনো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হচ্ছে, তার বিদায়ের মঞ্চ হতে পারে লিসবনের একটি ম্যাচ।

ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকম–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে অনুষ্ঠিতব্য ম্যাচটিই হতে পারে পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ আন্তর্জাতিক উপস্থিতি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

লিসবনের ঐতিহ্যবাহী স্টাডিও হোসে আলভালাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ম্যাচটি। এটি স্পোর্টিং লিসবনের হোম ভেন্যু এবং রোনালদোর ক্যারিয়ারের শুরুর সঙ্গে জড়িয়ে থাকা একটি স্মরণীয় মাঠ। ফলে নিজের দেশের সমর্থকদের সামনে বিদায় জানানোর জন্য এই ম্যাচটিকে সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে সম্প্রতি পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব নেওয়া প্রধান কোচ হোর্হে জেসুস দল গঠনে বড় ধরনের পরিবর্তনের পক্ষে নন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি রোনালদোকে সম্মানজনকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সুযোগ দিতে চান। সে কারণেই অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে শেষবারের মতো জাতীয় দলের হয়ে মাঠে নামানোর পরিকল্পনা থাকতে পারে।

আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখনো রোনালদোর দখলে। পর্তুগালের হয়ে তিনি ২৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। পাশাপাশি ১৪৬টি গোল করে জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে রেখেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি দলীয় সাফল্যেও পর্তুগালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তার নেতৃত্বেই ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) জেতে পর্তুগাল। এরপর ২০১৯ এবং ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপাও জেতে দলটি।

বিজ্ঞাপন

বিশ্ব ফুটবলের অন্যতম সফল এই তারকার ভবিষ্যৎ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও, দেশের মাঠে ওয়েলসের বিপক্ষে ম্যাচটিকে ঘিরে সমর্থকদের মধ্যে বাড়ছে কৌতূহল। শেষ পর্যন্ত সেটিই যদি রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়, তাহলে পর্তুগিজ ফুটবলের ইতিহাসে তা হয়ে থাকবে এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD