Logo

রদ্রিকে পেতে রিয়ালের সমান অর্থ ব্যয় করতে প্রস্তুত বার্সেলোনা

profile picture
ক্রীড়া ডেস্ক
৬ আগস্ট, ২০২৬, ১৯:৪০
রদ্রিকে পেতে রিয়ালের সমান অর্থ ব্যয় করতে প্রস্তুত বার্সেলোনা
ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটি ও স্পেনের তারকা মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে সক্রিয় হয়ে উঠেছে বার্সেলোনা। দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো ও ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানা গেছে, রদ্রিকে নিয়ে ম্যানচেস্টার সিটি ও তার এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছে কাতালান ক্লাবটি।

বিজ্ঞাপন

রদ্রিকে নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে আসছে রিয়াল মাদ্রিদ। তবে এখনো ম্যানচেস্টার সিটির সঙ্গে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। এই পরিস্থিতিতেই দৌড়ে যোগ দিয়েছে বার্সেলোনা।

ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, রদ্রিকে পেতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা প্রায় সমপরিমাণ অর্থ ব্যয় করতে প্রস্তুত। ফলে দলবদলের পরবর্তী সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে স্প্যানিশ মিডফিল্ডারের ওপর।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুরুতে রদ্রির জন্য ৭৫ মিলিয়ন ইউরো দাবি করেছিল ম্যানচেস্টার সিটি। বিপরীতে রিয়াল মাদ্রিদের প্রাথমিক প্রস্তাব ছিল প্রায় ৫০ মিলিয়ন ইউরো। তবে সাম্প্রতিক আলোচনায় সিটির চাওয়া কমে প্রায় ৬৫ মিলিয়ন ইউরো হয়েছে বলে জানা গেছে। এই অর্থ পরিশোধের সামর্থ্য বার্সেলোনার রয়েছে।

ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের চোট এবং মাঝমাঠ আরও শক্তিশালী করার পরিকল্পনা থেকেই রদ্রিকে নিয়ে সরাসরি আলোচনা শুরু করেছে বার্সেলোনা। স্পেন জাতীয় দলের কয়েকজন সতীর্থও তাকে কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ার ব্যাপারে উৎসাহিত করছেন বলে খবর রয়েছে।

এতদিন রদ্রিকে দলে পাওয়ার দৌড়ে রিয়াল মাদ্রিদকেই এগিয়ে রাখা হচ্ছিল। তবে বার্সেলোনার সাম্প্রতিক তৎপরতায় পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। এখন দেখার বিষয়, রদ্রি শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্ত নেন, নাকি বার্সেলোনার নতুন প্রকল্পের অংশ হন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD