Logo

অস্ট্রেলিয়ায় এশিয়ার দ্রুততম টেস্ট জয়ের রেকর্ড বাংলাদেশের

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ আগস্ট, ২০২৬, ১৪:৫৭
অস্ট্রেলিয়ায় এশিয়ার দ্রুততম টেস্ট জয়ের রেকর্ড বাংলাদেশের
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের তৃতীয় টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে শুধু প্রথমবারের মতো দেশটির মাটিতে টেস্ট জয়ই পায়নি, এশিয়ার কোনো দলের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্রুততম টেস্ট জয়ের রেকর্ডও গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে আরেকটি টেস্ট খেলার সুযোগ পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে প্রায় ২৩ বছর। এবার তৃতীয় টেস্টেই কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল দলটি।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জিততে বাংলাদেশের চেয়ে বেশি ম্যাচ খেলেছে এশিয়ার অন্য দলগুলো। পাকিস্তানকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের জন্য খেলতে হয়েছে সাতটি টেস্ট। ভারতের লেগেছে ১২ টেস্ট। আর শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার মাটিতে ১৫টি টেস্ট খেলেও এখনো জয়ের দেখা পায়নি।

বাংলাদেশের এই জয় আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার দীর্ঘ সময়ের রেকর্ডের কারণে। ৩১ বছর পর ঘরের মাঠে ভারত ছাড়া অন্য কোনো এশীয় দলের কাছে টেস্টে হারল অস্ট্রেলিয়া। সর্বশেষ ১৯৯৫ সালে পাকিস্তানের কাছে এমন পরাজয়ের মুখে পড়েছিল তারা। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানও আর টেস্ট জিততে পারেনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

৯ উইকেটের এই জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসে উইকেটের ব্যবধানে দ্বিতীয় বৃহত্তম জয়। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

‘সেনা’ দেশগুলোর—দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—মাটিতে বাংলাদেশের এটি দ্বিতীয় টেস্ট জয়। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারানোর পর এবার অস্ট্রেলিয়ার মাটিতেও জয় পেল বাংলাদেশ।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত টেস্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। প্রথম জয় এসেছিল ২০১৭ সালে মিরপুরে। তবে সেবার ঘরের মাঠের সুবিধা পেয়েছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতেই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে জয় পাওয়ায় সাফল্যটি পেয়েছে ভিন্ন মাত্রা।

২৩ বছর আগে ডারউইনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের। সেই ডারউইনেই এবার ঐতিহাসিক জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের নতুন অধ্যায়ের সূচনা করল টাইগাররা।

দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে ম্যাচটি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD