ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত বাবর

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের খেলা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। আঙুলের চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় ম্যাচের আগে শেষ মুহূর্তে তার বিষয়ে সিদ্ধান্ত নেবে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। তবে শান মাসুদের ফিটনেস নিয়ে পাওয়া গেছে স্বস্তির খবর।
বিজ্ঞাপন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হাতে চোট পেয়েছিলেন বাবর। এরপর বেকেনহ্যামে কাউন্টি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একই জায়গায় আবার আঘাত পান তিনি। ব্যথার কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
লিডসের হেডিংলিতে প্রথম দিনের অনুশীলনে বাবরকে কিছু সময় নেটে থ্রো-ডাউন ও ব্যাটিং করতে দেখা যায়। তবে অনুশীলনের সময় তাকে পুরোপুরি স্বাচ্ছন্দ্যে মনে হয়নি। শেষ পর্যন্ত বাবর খেলতে না পারলে মিডল অর্ডারে সৌদ শাকিল ও আওয়াইস জাফরের দুজনেরই একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে আঙুলে ফ্র্যাকচারের কারণে দ্বিতীয় টেস্ট ও ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি শান মাসুদ। তবে হেডিংলিতে পুরো সেশনজুড়ে স্বাভাবিক ছন্দে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। তার ফিটনেস নিয়ে পাকিস্তানের মেডিকেল দলের মতামতও ইতিবাচক।
বুধবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় টেস্ট ২৭ থেকে ৩১ আগস্ট লর্ডসে অনুষ্ঠিত হবে। তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর।








