সুথারের ঘূর্ণিতে বিধ্বস্ত লঙ্কানরা, গলে ভারতের বড় জয়

গল টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফররত ভারত। ভারতের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন বাঁহাতি স্পিনার মানব সুথার। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিং লাইনআপকে একাই বিপর্যস্ত করে দেন তিনি।
বিজ্ঞাপন
দ্বিতীয় ইনিংসে ভারত সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করায় শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৭২ রান। সেই রান তাড়া করতে নেমেই শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।
ইনিংসের সপ্তম ওভারে ওপেনার নিশান মদুশকাকে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন পেসার মোহাম্মদ সিরাজ। এরপর বল হাতে ঝড় তোলেন মানব সুথার। তার সঙ্গে উইকেট শিকারে যোগ দেন রবীন্দ্র জাদেজা। ফলে দ্রুত একের পর এক ব্যাটারকে হারাতে থাকে শ্রীলঙ্কা।
মাত্র ৪৭ রানেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক দল। নিশান মদুশকা ৬, পাসিন্দু শূন্য, কামিন্দু মেন্ডিস ২ এবং লাহিরু উদারা ১৬ রান করে সাজঘরে ফেরেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর পঞ্চম উইকেটে দলের হাল ধরেন আগের ইনিংসে সেঞ্চুরি করা সোনাল দিনুশা ও অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। দুজনের ব্যাটে ৯৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ওঠে। দুজনই অর্ধশতক তুলে নিলেও ইনিংসকে শতকে রূপ দিতে পারেননি।
ধনঞ্জয়া ডি সিলভা ৫৯ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হন। অন্যদিকে সেঞ্চুরির পথে থাকা সোনাল দিনুশার ইনিংস থামে ৮৪ রানে। মানব সুথারের বলে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
বিজ্ঞাপন
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। দিকভেলা ১০ ও নুয়ান্থা ২০ রান করেন। প্রবাথ জয়সুরিয়া ও লাহিরু কুমারা রানের খাতা খুলতে পারেননি। আসিথা ফার্নান্দো শূন্য রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২০৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মানব সুথার। তিনি একাই শিকার করেন ছয় উইকেট। প্রসিদ্ধ কৃষ্ণা নেন দুটি উইকেট। মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট পান।








