Logo

এ বছর বিপিএল হচ্ছে না, নতুন কাঠামোয় ফিরবে আগামী বছর: তামিম

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১৮:৩২
এ বছর বিপিএল হচ্ছে না, নতুন কাঠামোয় ফিরবে আগামী বছর: তামিম
ছবি: সংগৃহীত

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজিদের বিভিন্ন অনিয়ম, আর্থিক জটিলতা এবং গত কয়েক বছরে টুর্নামেন্ট আয়োজন করে হওয়া লোকসান বিবেচনায় নিয়ে এবার তাড়াহুড়ো করে বিপিএল আয়োজন করতে চায় না বোর্ড। সবকিছু নতুনভাবে গুছিয়ে আগামী বছর টুর্নামেন্টটি ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিপিএল নিয়ে আলোচনায় বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, এ বছর বিপিএল হচ্ছে না। একই সঙ্গে টুর্নামেন্টের ভবিষ্যৎ আয়োজনের জন্য নতুন একটি কাঠামো নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

বিপিএলের সাম্প্রতিক বিভিন্ন সমস্যার জন্য ফ্র্যাঞ্চাইজিদের নিয়ম না মানা এবং আর্থিক দায়বদ্ধতার ঘাটতিকে অন্যতম কারণ হিসেবে দেখছেন তামিম। তার দাবি, গত দুই বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে।

তামিম বলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ করার কথা, লোকসান করার নয়। সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত লোকসান করে টুর্নামেন্ট আয়োজন করাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন না।

বিজ্ঞাপন

তবে বিপিএল বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা বিসিবির নেই। বরং দীর্ঘমেয়াদে আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে টুর্নামেন্ট আয়োজন করতে চায় বোর্ড। এ জন্য প্রয়োজন হলে ছয় মাস কিংবা এক বছর সময় নিতেও প্রস্তুত তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ শুরু হয়েছে। বিভিন্ন দলের বকেয়া, ব্যাংক গ্যারান্টি এবং অন্যান্য আর্থিক ও প্রশাসনিক জটিলতা ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী আসরের জন্য পর্যাপ্ত সময় হাতে রেখে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে চায় বিসিবি।

বিজ্ঞাপন

তামিম জানিয়েছেন, আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে ফ্র্যাঞ্চাইজি সংক্রান্ত পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। অতীতে শেষ মুহূর্তে দল ও অন্যান্য বিষয় চূড়ান্ত করার কারণে যে সমস্যাগুলো তৈরি হতো, এবার তা এড়াতে আগেভাগেই সবকিছু সম্পন্ন করতে চান তারা। কোনো ফ্র্যাঞ্চাইজি শেষ মুহূর্তে সরে গেলে বিকল্প ব্যবস্থা নেওয়ার মতো পর্যাপ্ত সময়ও রাখতে চায় বিসিবি।

চাইলেই দ্রুত কয়েকটি দল নিয়ে বিপিএল আয়োজন করা সম্ভব হলেও সেই পথে হাঁটতে চান না তামিম। তার কাছে শুধু টুর্নামেন্ট আয়োজনের চেয়ে একটি সুষ্ঠু কাঠামো তৈরি করা এবং বিসিবির ভাবমূর্তি ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ।

তামিমের ভাষ্য, চাইলে দ্রুত পাঁচটি দল দাঁড় করিয়ে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব। কিন্তু তিনি সেটি করতে চান না। তার অগ্রাধিকার হলো সুষ্ঠু ক্রিকেট আয়োজন এবং বিসিবির মর্যাদা অক্ষুণ্ন রাখা। এ কারণে সমালোচনা হলেও সেই সিদ্ধান্ত নিতে তিনি প্রস্তুত।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD