Logo

স্টার্ককে কড়া জবাব দিল শরিফুল, ১০১ রানের লিড অস্ট্রেলিয়ার

profile picture
ক্রীড়া ডেস্ক
২২ আগস্ট, ২০২৬, ১৪:২৭
স্টার্ককে কড়া জবাব দিল শরিফুল, ১০১ রানের লিড অস্ট্রেলিয়ার
ছবি: সংগৃহীত

মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ের জবাব দিয়েছেন শরিফুল ইসলাম। বাংলাদেশের প্রথম ইনিংস ৬৪ রানে গুটিয়ে দেওয়ার পর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়েও একের পর এক আঘাত হেনেছেন এই পেসার। তবে ক্যামেরন গ্রিনের অপরাজিত ফিফটিতে প্রথম দিন শেষে ১০১ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

বাংলাদেশকে মাত্র ৬৪ রানে অলআউট করতে ২২ বলের মধ্যে পাঁচ উইকেটসহ মোট ছয়টি উইকেট নেন মিচেল স্টার্ক। জবাবে ইনজুরি কাটিয়ে ইবাদত হোসেনের জায়গায় একাদশে ফেরা শরিফুলও বল হাতে ছয় উইকেট শিকার করেছেন। দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৬৫ রান। হাতে রয়েছে দুই উইকেট।

অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই বাংলাদেশকে ম্যাচে ফেরার আশা দেখান বোলাররা। তৃতীয় ওভারে ম্যাট রেনশকে স্লিপে তানজিদ হাসান তামিমের ক্যাচে পরিণত করেন তাসকিন আহমেদ। জেক ওয়েদারাল্ডের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া রেনশ ৮ রান করে ফেরেন। ২২ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এরপর অষ্টম ওভারে আক্রমণে এসে ভয়ংকর হয়ে ওঠেন শরিফুল। দ্বিতীয় বলেই ট্র্যাভিস হেডকে ইনসাইড এজে বোল্ড করেন তিনি। ২২ রান করে ফেরেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। চার বল পরই মার্নাস লাবুশেনকে বোল্ড করেন শরিফুল। ৯ বলে মাত্র ৪ রান করেন লাবুশেন। ৪১ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনের ৭৭ রানের জুটি বাংলাদেশকে আবারও চাপে ফেলে। শেষ পর্যন্ত দ্বিতীয় স্পেলে ফিরে এই জুটি ভাঙেন শরিফুল। এলবিডব্লিউর শিকার হয়ে ৭৪ বলে ৪২ রান করে ফেরেন স্মিথ। ৬টি চার মারেন তিনি। ১১৮ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এরপর গ্রিনের সঙ্গে জুটি গড়েন অ্যালেক্স ক্যারি। তবে মেহেদী হাসান মিরাজের বলে হাসান মাহমুদের ক্যাচ হয়ে ৫ রানেই ফেরেন ক্যারি। এরপর দ্রুত ব্যাটিং ধসে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র তিন রানের ব্যবধানে চার উইকেট হারায় স্বাগতিকরা।

বিজ্ঞাপন

শরিফুলের পরের ওভারে গোল্ডেন ডাকের শিকার হন বেউ ওয়েবস্টার। এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউ করেও বদলাতে পারেননি তিনি। দুই বল পর প্যাট কামিন্সকেও সাজঘরে ফেরান শরিফুল। লিটন দাসের ক্যাচে পরিণত হয়ে কোনো রান না করেই ফেরেন কামিন্স।

এরপর বাংলাদেশের ইনিংসে ছয় উইকেট নেওয়া মিচেল স্টার্ককেও নিজের ষষ্ঠ শিকারে পরিণত করেন শরিফুল। ফলে ১৪৮ রানেই অস্ট্রেলিয়া হারায় অষ্টম উইকেট।

দিনের শেষ দিকে ক্যামেরন গ্রিন ও নাথান লায়ন আর কোনো বিপদ হতে দেননি। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে যোগ হয়েছে ১৭ রান। গ্রিন ৫১ রানে অপরাজিত আছেন, লায়নের সংগ্রহ ১০ রান।

বিজ্ঞাপন

১১ ওভারে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়ে প্রথম দিন শেষ করেছেন শরিফুল ইসলাম। বাংলাদেশের ৬৪ রানের বিপরীতে অস্ট্রেলিয়ার লিড দাঁড়িয়েছে ১০১ রানে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD