Logo

প্রথমবার সিংহাসনে মিচেল স্টার্ক, বড় লাফ শরিফুলের

profile picture
ক্রীড়া ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬, ১৮:৪৩
প্রথমবার সিংহাসনে মিচেল স্টার্ক, বড় লাফ শরিফুলের
ছবি: সংগৃহীত

মাত্র দেড় দিনেই শেষ হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাকাই টেস্ট। ম্যাচটিতে বাংলাদেশের শরিফুল ইসলাম ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। এরই স্বীকৃতি মিলেছে আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ আগস্ট) পুরুষদের টেস্ট র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন মিচেল স্টার্ক। দুই ধাপ এগিয়ে এক নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার।

ম্যাকাই টেস্টের দুই ইনিংসে মোট ১০ উইকেট শিকার করেন স্টার্ক। তার দুর্দান্ত পারফরম্যান্সে এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে চলে গেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। আর এক ধাপ পিছিয়ে তৃতীয় অবস্থানে আছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স দুই ইনিংসে তিনটি করে মোট ছয় উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন।

ম্যাকাই টেস্টে সাত উইকেট নিয়ে বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি পেসারের সেরা বোলিং ফিগার গড়েছেন শরিফুল ইসলাম। এর প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। এক লাফে ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৪০৩ রেটিং পয়েন্ট নিয়ে ৫৭তম স্থানে উঠেছেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে বাংলাদেশের অন্য বোলারদের অবস্থানে অবনতি হয়েছে। তাইজুল ইসলাম দুই ধাপ পিছিয়ে ১৩তম, হাসান মাহমুদ নয় ধাপ পিছিয়ে ৪৭তম এবং তাসকিন আহমেদ দুই ধাপ পিছিয়ে ৫১তম স্থানে রয়েছেন।

টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন ইংল্যান্ডের ওলি রবিনসন, ১৫ ধাপ এগিয়ে ১১তম; জশ টাং ১৬ ধাপ এগিয়ে ১৭তম এবং জফরা আর্চার ছয় ধাপ এগিয়ে ৪০তম হয়েছেন। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো পাঁচ ধাপ এগিয়ে ১৫তম এবং প্রবাথ জয়সুরিয়া পাঁচ ধাপ এগিয়ে ১৬তম অবস্থানে আছেন। ভারতের মানব সুথার ২৮ ধাপ এবং পাকিস্তানের আলি উসমান ৩০ ধাপ এগিয়েছেন।

বিজ্ঞাপন

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেশ কয়েকজন ব্যাটারের অবনতি হয়েছে। লিটন দাস ছয় ধাপ পিছিয়ে ৩৪তম, মুমিনুল হক পাঁচ ধাপ পিছিয়ে ৩৬তম, মেহেদি হাসান মিরাজ চার ধাপ পিছিয়ে ৬৩তম এবং সাদমান ইসলাম সাত ধাপ পিছিয়ে ৬৫তম স্থানে নেমেছেন।

অন্যদিকে মুশফিকুর রহিম এক ধাপ এগিয়ে ১৭তম অবস্থানে উঠেছেন। নাজমুল হোসেন শান্ত রয়েছেন ২০তম স্থানে। টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি—হ্যারি ব্রুক, জো রুট ও স্টিভ স্মিথ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছেন।

এ ছাড়া রাচিন রবীন্দ্র দুই ধাপ এগিয়ে ষষ্ঠ, ঋষভ পান্ত ছয় ধাপ এগিয়ে সপ্তম এবং ড্যারিল মিচেল তিন ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন। শ্রীলঙ্কার সোনাল দিনুশা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করে ৪৯ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে জায়গা করে নিয়েছেন।

বিজ্ঞাপন

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বড় কোনো পরিবর্তন হয়নি। শীর্ষ তিনে রয়েছেন রবীন্দ্র জাদেজা, মার্কো জানসেন ও বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD