Logo

নিউইয়র্ক কসমসে বাংলাদেশ তারকা শামিত সোমের নতুন অধ্যায় শুরু

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩০ আগস্ট, ২০২৬, ১৮:৪৮
নিউইয়র্ক কসমসে বাংলাদেশ তারকা শামিত সোমের নতুন অধ্যায় শুরু
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার শামিত সোমের ক্লাব ক্যারিয়ারে শুরু হয়েছে নতুন অধ্যায়। কানাডার ফুটবল পেরিয়ে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে জায়গা করে নেওয়া এই ফুটবলার এবার যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ক্লাব নিউইয়র্ক কসমসে যোগ দিয়েছেন। নতুন দলের হয়ে ইতোমধ্যে অভিষেকও হয়েছে তার।

বিজ্ঞাপন

তবে অভিষেক ম্যাচটি পুরোপুরি স্বস্তির ছিল না শামিতের জন্য। সামান্য চোটের কারণে ম্যাচের ৭৪ মিনিটে তাকে মাঠ ছাড়তে হয়। ইনজুরিটি কতটা গুরুতর, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। ফলে জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারের চোট নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

কানাডার এডমন্টনে বাংলাদেশি বাবা-মায়ের ঘরে জন্ম শামিতের। পেশাদার ফুটবলে উত্তর আমেরিকার বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। মেজর লিগ সকারে মন্ট্রিয়ল ইমপ্যাক্টের হয়ে চার মৌসুম মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে তার। এরপর কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে তিন মৌসুম খেলেন। নিউইয়র্ক কসমসে যোগ দেওয়ার আগে ক্যাভালরির হয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগে ৬২টি ম্যাচ খেলেছেন শামিত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ফুটবলেও রয়েছে তার বৈচিত্র্যময় পথচলা। বাংলাদেশের হয়ে খেলার আগে কানাডার বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছেন তিনি। এমনকি কানাডার সিনিয়র জাতীয় দলের হয়েও দুটি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন শামিত। ২০২০ সালে কানাডার সিনিয়র দলের হয়ে তার অভিষেক হয়।

পরে বাংলাদেশি বংশসূত্রের কারণে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পান তিনি। ফিফার অনুমোদন পাওয়ার পর ২০২৫ সালের জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় শামিতের। এরপর দ্রুতই জাতীয় দলের মাঝমাঠে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজের জায়গা করে নেন। হংকংয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোলও করেন এই মিডফিল্ডার।

প্রায় এক দশকের পেশাদার ফুটবলের অভিজ্ঞতা নিয়ে এবার নিউইয়র্ক কসমসে নতুন যাত্রা শুরু করেছেন শামিত। ঐতিহ্যবাহী এই ক্লাবের নতুন অধ্যায়ের অংশ হতে পারাকে ক্যারিয়ারের অন্যতম বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন তিনি।

বিজ্ঞাপন

তবে নতুন ক্লাবে পথচলার শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়ায় এখন তার পরবর্তী মেডিকেল আপডেটের অপেক্ষায় বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। সামনে জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় শামিতের ইনজুরির মাত্রা এবং কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, সেটিই এখন বড় বিষয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD