Logo

শেফিল্ডে দুর্দান্ত হামজা, কবে যোগ দেবেন বাংলাদেশ দলে?

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:০১
শেফিল্ডে দুর্দান্ত হামজা, কবে যোগ দেবেন বাংলাদেশ দলে?
ছবি: সংগৃহীত

আসন্ন এএফসি কাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে। প্রধান কোচ থমাস ডুলি ঘরোয়া ফুটবলে খেলা ২৮ জন খেলোয়াড়কে ক্যাম্পে ডেকেছেন। দেশের বাইরে লিগে খেলা ফুটবলারদের মধ্যে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাইফ ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে অন্য প্রবাসী ফুটবলারদের দেশে ফেরার সূচি এখনো চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন

বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। সম্প্রতি লেস্টার সিটি ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেওয়া এই মিডফিল্ডার নতুন ক্লাবেও দারুণ ছন্দে রয়েছেন। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ রয়েছে। ফলে এর আগে ক্লাব থেকে ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা নেই হামজার।

এদিকে ২৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে এএফসি কাপ। কোচ থমাস ডুলির পরিকল্পনা প্রতিযোগিতা শুরুর অন্তত এক সপ্তাহ আগে জাকার্তায় পৌঁছানোর। সে হিসেবে হামজাকে সরাসরি জাকার্তায় দলের সঙ্গে যোগ দিতে হতে পারে। এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও হামজার পরিকল্পনাও সরাসরি জাকার্তায় যাওয়ার।

বাংলাদেশের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সামিত সোমও দেশের বাইরে ক্লাব ফুটবলে ব্যস্ত সময় পার করছেন। কানাডার লিগের পর বর্তমানে তিনি কিংবদন্তি পেলের স্মৃতিবিজড়িত নিউইয়র্ক কসমসে খেলছেন। ২০ ও ২৭ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর কসমসের ম্যাচ রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত রয়েছে ফিফা উইন্ডো। এই সময়ে জাতীয় দলের ডাক পেলে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য। তাই ফিফা উইন্ডোর শুরু থেকেই সামিতকে জাতীয় দলে পাওয়ার আশায় রয়েছেন কোচ ডুলি। তবে তাকে পাওয়া গেলেও ২১ সেপ্টেম্বরের আগে জাকার্তায় দলের সঙ্গে যোগ দেওয়া সম্ভব হবে না।

জায়ান, তারিক কাজী ও ফাহমিদুলও বর্তমানে দেশের বাইরে বিভিন্ন লিগে খেলছেন। তাদের মধ্যে জায়ান ও তারিক কাজী ঢাকায় ফিরে দলের অনুশীলনে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন কোচ।

বিজ্ঞাপন

ডুলি বলেন, ‘তারিক ও জায়ান কয়েক দিন ঢাকায় অনুশীলন করবে, এটা নিশ্চিত। অন্যদের বিষয়টি এখনো আলোচনা পর্যায়ে রয়েছে।’

ইন্দোনেশিয়ায় মূল প্রতিযোগিতা শুরুর আগে অন্তত দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে বাংলাদেশ কোচের। তবে প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

ডুলি বলেন, ‘আমরা দুটি ম্যাচ খেলতে চাই। তবে কাদের বিপক্ষে খেলতে পারব, তা এখনো নিশ্চিত নয়। ফেডারেশন এ নিয়ে কাজ করছে।’

বিজ্ঞাপন

ফলে হামজাসহ বিদেশি লিগে খেলা ফুটবলারদের কবে জাতীয় দলের সঙ্গে যুক্ত করা যাবে, সেটিই এখন বাংলাদেশের প্রস্তুতির অন্যতম বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD