ব্যস্ত সময়েও তরুণদের পাশে হামজা, ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ

সারা দেশে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টসের কার্যক্রম। তরুণ-তরুণীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং সম্ভাবনাময় ক্রীড়াবিদদের খুঁজে বের করার লক্ষ্য নিয়ে সরকারের এই উদ্যোগ ইতোমধ্যেই আলোচনায় এসেছে। এই আয়োজনের সাক্ষী হতে বাংলাদেশ ফুটবলের বড় তারকা হামজা চৌধুরী উপস্থিত হন আজ। নতুন কুঁড়ি স্পোর্টসের অংশ হিসেবে আয়োজিত ক্রিকেট ম্যাচ দেখতে তিনি মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে যান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আমন্ত্রণে যান।
বিজ্ঞাপন
চার দিনের ব্যক্তিগত সফরে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সফরের ফাঁকে এই ক্রীড়া আয়োজনে যোগ দেন হামজা। দুপুরের পর থেকেই তাকে এক নজর দেখার জন্য মাঠে দর্শকদের ভিড় বাড়তে থাকে। সাধারণত গণমাধ্যমের সামনে তাকে কাছ থেকে পাওয়ার সুযোগ সীমিত থাকায়, এই ইভেন্ট কাভার করতে সাংবাদিকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো বেশি। দর্শক ও গণমাধ্যমের চাপ সামলাতে আয়োজকদের বেশ বেগ পেতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকেও মাঠে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে দেখা যায়।
মঞ্চেও ছিল ভিড়। আয়োজকরা মাইকে বারবার বলার পরও উৎসুক সমর্থকরা তাতে কর্ণপাত করেনি। এরই মধ্যে হামজা অতি সংক্ষিপ্ত বার্তায় বলেন, ‘সবাইকে সালাম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই সুন্দর আয়োজনের অংশ করার জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি সত্যিই দারুণ কাজ শুরু করেছেন, যা আমাদের আগামী প্রজন্মের তারকাদের অনুপ্রাণিত করবে।’
বিজ্ঞাপন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও সংক্ষিপ্ত বক্তব্যে হামজাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ব্যস্ত সূচির মধ্যেও হামজা তরুণদের উদ্বুদ্ধ করতে এসেছেন। আমরা চাই বাংলাদেশে ফুটবল, ক্রিকেট, দাবাসহ আরও অনেক ডিসিপ্লিনে বিশ্বমাপের ক্রীড়াবিদ উঠে আসুক। বাংলাদেশ সরকার এজন্য কাজ করছে।’
বক্তব্যের পর হামজা ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাঠে ক্রিকেটারদের সঙ্গে পরিচয় পর্ব সারেন। কয়েক মিনিট ক্রিকেট ম্যাচ উপভোগ করে ভেন্যু ত্যাগ করেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার। আগামীকাল সকালে তার ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন








