দারুণ ব্যাটিং করেও সেঞ্চুরির দেখা পেলেন না মুমিনুল

দারুণ ব্যাটিং করেও সেঞ্চুরির দেখা পেলেন না মুমিনুল হক। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে মাত্র ৯ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে এই বাঁহাতি ব্যাটারকে।
বিজ্ঞাপন
শেষ ১১ টেস্ট ইনিংসের একটিতেও ১০ রানের নিচে আউট হননি মুমিনুল। এর মধ্যে তিনবার আশির ঘর পার করলেও শতকের দেখা মিলছিল না। সবশেষ তিনি সেঞ্চুরি করেছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে, কানপুরে ভারতের বিপক্ষে। প্রায় ২০ মাস পর আবারও তিন অঙ্কের খুব কাছে গিয়েও থেমে যেতে হলো তাকে।
নোমান আলির নিচু হয়ে আসা একটি ঘূর্ণি বলে এলবিডব্লিউ হন মুমিনুল। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিলেও লাভ হয়নি। ১৯৯ বল মোকাবিলায় ১০টি চারে ৯১ রান করেন তিনি।
বিজ্ঞাপন
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯২ রান। মুশফিকুর রহিম ৪৪ ও লিটন দাস ৫ রানে অপরাজিত ছিলেন।
এর আগে মিরপুরে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। একাদশে দুটি পরিবর্তন আনে স্বাগতিকরা। দলে ফেরেন নাহিদ রানা ও তাসকিন আহমেদ। বাদ পড়েন খালেদ আহমেদ ও হাসান মুরাদ।
শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাহমুদুল হাসান জয় ৮ এবং সাদমান ইসলাম ১৩ রানে ফিরে গেলে ৩১ রানেই ২ উইকেট হারায় দল।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ
এরপর ইনিংস মেরামতের দায়িত্ব নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দুজন মিলে গড়েন ১৭০ রানের জুটি। দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি তুলে নেন শান্ত। শেষ আট টেস্ট ইনিংসে এটি তার চতুর্থ শতক।
তবে শতকের পরের বলেই এলবিডব্লিউ হন শান্ত। মোহাম্মদ আব্বাসের বলে রিভিউ নিয়ে তাকে ফেরায় পাকিস্তান। ১৩০ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০১ রান করেন বাংলাদেশ অধিনায়ক।








