Logo

‘২০২৬ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস’

profile picture
জনবাণী ডেস্ক
৮ মে, ২০২৬, ১৭:০৩
‘২০২৬ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস’
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি। এরই মধ্যে বিশ্বকাপ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ফুটবল দুনিয়ায়। কে জিতবে এবারের শিরোপা— তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ ও ভবিষ্যদ্বাণী। এর মধ্যেই চমকপ্রদ এক পূর্বাভাস দিয়েছে প্যানমোর লিব্রাম নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান। তাদের বিশেষ বিশ্লেষণী মডেল বলছে, এবার প্রথমবারের মতো বিশ্বকপ জিততে যাচ্ছে নেদারল্যান্ডস।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির এই পূর্বাভাস ইতোমধ্যেই ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। কারণ এর আগে একই মডেল ব্যবহার করে টানা তিনটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে অনুমান করা হয়েছিল। সেই তালিকায় ছিল জার্মানি, ফ্রান্স ও আর্জেন্টিনা।

প্যানমোর লিব্রামের কৌশলবিদ জোয়াকিম ক্লেমেন্ট এই মডেল তৈরি করেছেন। শুধু ফুটবলীয় পরিসংখ্যান নয়, অর্থনৈতিক ও সামাজিক নানা সূচক বিবেচনায় এনে তিনি এই বিশ্লেষণ দাঁড় করিয়েছেন। মাথাপিছু আয়, দেশের জনসংখ্যা, জলবায়ু, স্বাগতিক সুবিধা, ফিফা র‌্যাঙ্কিংসহ একাধিক বিষয়কে ভিত্তি করে মডেলটি তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন

ক্লেমেন্টের ভাষ্য অনুযায়ী, এসব উপাদান একটি দলের সামগ্রিক পারফরম্যান্সের প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত ব্যাখ্যা করতে পারে। বাকি অংশ নির্ভর করে ম্যাচ পরিস্থিতি, খেলোয়াড়দের মানসিকতা এবং ভাগ্যের ওপর।

বিশেষ এই মডেলের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও পর্তুগাল। বিশ্বকাপ ইতিহাসে এই দুই দল কখনো ফাইনালে খেলেনি। তাই এমন সম্ভাবনা ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এবারের আসরে স্পেন, ব্রাজিল ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো শক্তিশালী দলগুলোও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারবে না।

বিজ্ঞাপন

আর্জেন্টিনা সম্পর্কে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, দলটি এখনও অনেকটাই লিওনেল মেসির ওপর নির্ভরশীল। মডেল অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে পর্তুগালের কাছে হেরে বিদায় নিতে পারে আলবিসেলেস্তেরা। অন্যদিকে পর্তুগালও ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপর নির্ভরশীল হলেও দলগত ভারসাম্য ও স্কোয়াড গভীরতায় এগিয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়েছে।

প্রতিবেদনে কয়েকটি বড় অঘটনের ইঙ্গিতও দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে শেষ ৩২ পর্বে জাপানের কাছে ব্রাজিলের সম্ভাব্য হার। এছাড়া স্পেন ও ইংল্যান্ড সেমিফাইনাল পর্যন্ত পৌঁছালেও শেষ পর্যন্ত বিদায় নেবে বলেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

ফাইনালে যাওয়ার পথে নেদারল্যান্ডসকে মরক্কো, কানাডা, ফ্রান্স ও স্পেনের মতো শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হতে হতে পারে বলে ধারণা করা হয়েছে। অন্যদিকে পর্তুগালের সামনে থাকতে পারে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মতো কঠিন চ্যালেঞ্জ।

বিশ্বকাপ ইতিহাসও কিছুটা যেন নেদারল্যান্ডসের পক্ষেই কথা বলে। ডাচরা এর আগে তিনবার বিশ্বকাপের ফাইনালে উঠলেও একবারও শিরোপা জিততে পারেনি। এ কারণেই ফুটবল বিশ্বে তাদের অনেক সময় ‘বিশ্বকাপ না জেতা সেরা দল’ বলা হয়।

যদিও আন্তর্জাতিক বাজির বাজারে নেদারল্যান্ডসের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা মাত্র ৩ শতাংশ ধরা হয়েছে, তারপরও প্যানমোর লিব্রামের এই পূর্বাভাস বড় ধরনের চমকের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেক ফুটবল বিশ্লেষক।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD