Logo

থাইল্যান্ডগামী ফ্লাইটে উঠতে পারলেন না ৯ নারী ফুটবলার

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৭ মে, ২০২৬, ১৮:১৬
থাইল্যান্ডগামী ফ্লাইটে উঠতে পারলেন না ৯ নারী ফুটবলার
ছবি: সংগৃহীত

আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডে ক্যাম্প করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই লক্ষ্যে মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন নারী জাতীয় দলের একাংশ, যার নেতৃত্বে ছিলেন ঋতুপর্ণারা।

বিজ্ঞাপন

তবে নির্ধারিত স্কোয়াডের সবাই একসঙ্গে যাত্রা করতে পারেননি। ভিসা জটিলতার কারণে মোট ৯ জন খেলোয়াড় ও স্টাফ সদস্য থাইল্যান্ড যেতে ব্যর্থ হন বলে জানিয়েছেন দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমী।

তিনি জানান, ভিসা না পাওয়ায় দুই গোলরক্ষক মিলি আক্তার ও রুপনা চাকমাসহ কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের একটি অংশ আজকের ফ্লাইট ধরতে পারেননি। বিষয়টি সমাধানে ফেডারেশন থাই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তী ফ্লাইটে তাদের পাঠানো হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

দলের হেড কোচ ব্রিটিশ নাগরিক পিটার বাটলার এবং ফিটনেস কোচ অস্ট্রেলিয়ান ক্যামেরন লর্ড নিজ নিজ দেশের পাসপোর্টধারী হওয়ায় থাইল্যান্ডে প্রবেশে তাদের ভিসা প্রয়োজন হয়নি। একইভাবে সুইডিশ পাসপোর্টধারী ফুটবলার আনিকাও ভিসা ছাড়াই দলের সঙ্গে যোগ দিয়েছেন।

বাফুফে সূত্রে জানা গেছে, নারী দল থাইল্যান্ডে ২১ মে পর্যন্ত প্রস্তুতি ক্যাম্প করবে। এরপর তারা ভারতের গোয়ার উদ্দেশ্যে রওনা হবে। সেখানে দুই সপ্তাহের ক্যাম্পে স্থানীয় দুইটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে।

বিজ্ঞাপন

নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুইবার শিরোপা জয়ের পর এবার হ্যাটট্রিক লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সেই লক্ষ্য সামনে রেখে প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাফুফে, যার অংশ হিসেবেই থাইল্যান্ডে এই বিশেষ ক্যাম্প আয়োজন করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD