Logo

‘মেসি আর্জেন্টিনারও সেরা খেলোয়াড় নন’

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ মে, ২০২৬, ১৫:২১
‘মেসি আর্জেন্টিনারও সেরা খেলোয়াড় নন’
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের চিরচেনা ‘সর্বকালের সেরা’ বা ‘গোট’ বিতর্কে আবারও উত্তাপ ছড়ালেন ব্রিটিশ সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক পিয়ার্স মরগান। নিজের নির্বাচিত সর্বকালের সেরা একাদশ প্রকাশ করতে গিয়ে তিনি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে দলে রাখেননি, এমনকি তাকে আর্জেন্টিনার ইতিহাসের সেরা ফুটবলার বলতেও অস্বীকৃতি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ক্রিস্টিয়ানো রোনালদোর কট্টর সমর্থক হিসেবে পরিচিত মরগান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার পছন্দের ‘অল টাইম ইলেভেন’ প্রকাশ করেন। সেই একাদশে জায়গা পেয়েছেন গর্ডন ব্যাঙ্কস, কাফু, ফ্রাঙ্কো বারেসি, পাওলো মালদিনি, রবার্তো কার্লোস, জিনেদিন জিদান, লোথার ম্যাথাউস, রোনালদিনিয়ো, দিয়েগো মারাডোনা, ক্রিশ্চিয়ানো রোনালদো ও রোনালদো নাজারিও। তবে এই তালিকা ঘিরে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয় মেসির অনুপস্থিতি নিয়ে।

একটি জনপ্রিয় ফুটবলভিত্তিক অ্যাকাউন্ট মরগানের একাদশ শেয়ার করে মন্তব্য করে, তার দলে একজন ‘অসাধারণ খেলোয়াড়’ নেই।

বিজ্ঞাপন

এর জবাবে মরগান নিজেই সেই পোস্ট শেয়ার করে লেখেন, বিষয়টি ততটা বিস্ময়কর নয়। তার দাবি, লিওনেল মেসি আর্জেন্টিনার ইতিহাসের সেরা খেলোয়াড়ও নন, তাই তাকে ছাড়াই তার একাদশ সম্পূর্ণ।

মরগানের এই মন্তব্য প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেক ফুটবলপ্রেমীর মতে, আটবার ব্যালন ডি’অর জয়ী এবং আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসিকে সর্বকালের সেরা একাদশে জায়গা না দেওয়া নিছক ব্যক্তিগত পক্ষপাত ছাড়া কিছু নয়।

বিজ্ঞাপন

তবে মরগান তার অবস্থানে অনড়। তার মতে, দিয়েগো মারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় এবং মাঠে তার প্রভাব ছিল এতটাই অসাধারণ যে, তা অনেক দিক থেকে মেসিকেও ছাড়িয়ে যায়।

ফুটবলে ‘গোট’ বিতর্ক নতুন কিছু নয়। পেলে, মারাডোনা, মেসি ও রোনালদোকে ঘিরে ভিন্ন প্রজন্মের ভিন্ন মত সবসময়ই আলোচনায় থাকে। পিয়ার্স মরগানের সাম্প্রতিক মন্তব্য সেই পুরনো বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে, যেখানে কেবল পরিসংখ্যান নয়, আবেগ ও ব্যক্তিগত মূল্যায়নও বড় ভূমিকা রাখে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD