Logo

প্রস্তুতি নিয়ে প্রশ্ন থাকলেও অজুহাত দিতে চান না শান্ত

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৭ মে, ২০২৬, ১৫:১৬
প্রস্তুতি নিয়ে প্রশ্ন থাকলেও অজুহাত দিতে চান না শান্ত
ছবি: সংগৃহীত

ছয় মাস পর আবারও লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজ শুরুর আগে প্রস্তুতি নিয়ে প্রশ্ন থাকলেও তা নিয়ে কোনো অজুহাত দিতে চান না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মূল লক্ষ্য ফল নয়, বরং প্রক্রিয়া ঠিক রাখা।

বিজ্ঞাপন

২০২৫ সালের নভেম্বরের পর এই প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এর মধ্যে দলটি ব্যস্ত ছিল সীমিত ওভারের ক্রিকেটে। টেস্ট দলের বেশ কয়েকজন খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এ কেবল একটি রাউন্ড খেলতে পেরেছেন। ঘরোয়া ও আন্তর্জাতিক সূচির ব্যস্ততায় দীর্ঘ সময় লাল বলের পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগও হয়নি।

তবে এসবকে কোনোভাবেই অজুহাত হিসেবে দেখছেন না অধিনায়ক। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শান্ত বলেন, যারা সাদা বলের ক্রিকেটে ছিল, তাদের লাল বলের ম্যাচ খেলতে পারলে অবশ্যই উপকার হতো। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে সেই সুযোগ পাওয়া যায়নি। অভিজ্ঞ খেলোয়াড়রা জানে কীভাবে টেস্ট সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করতে হয়।

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, কয়েকদিন অনুশীলনের সুযোগ পাওয়া গেছে, ধীরে ধীরে সবাই নিজেদের মানিয়ে নিয়েছে। তাই প্রস্তুতি নিয়ে কোনো অজুহাত দেখাতে চান না তিনি।

২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক সাফল্য পেয়েছিল বাংলাদেশ। এবারও কি সেই লক্ষ্য—এমন প্রশ্নে শান্ত জানান, তিনি হোয়াইটওয়াশ নিয়ে ভাবছেন না।

বিজ্ঞাপন

বাংলাদেশ অধিনায়কের ভাষায়, এটি ১০ দিনের লড়াই—দুটি টেস্ট মিলে। এই সময়ে কীভাবে প্রতিপক্ষের চেয়ে ভালো ক্রিকেট খেলা যায় এবং প্রতিদ্বন্দ্বিতা করা যায়, সেটাই মূল লক্ষ্য। ফলের চেয়ে প্রক্রিয়াটাই বেশি গুরুত্বপূর্ণ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD