Logo

শান্ত-মুমিনুলের ব্যাটে দাপুটে দিন বাংলাদেশের

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৮ মে, ২০২৬, ১৮:২৩
শান্ত-মুমিনুলের ব্যাটে দাপুটে দিন বাংলাদেশের
ছবি: সংগৃহীত

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরি ও মুমিনুল হকের দায়িত্বশীল ইনিংসে পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩০১ রান।

বিজ্ঞাপন

দিন শেষে মুশফিকুর রহিম ৪৮ ও লিটন দাস ৮ রানে অপরাজিত ছিলেন।

শুক্রবার টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। একাদশে ফেরেন নাহিদ রানা ও তাসকিন আহমেদ। বাদ পড়েন খালেদ আহমেদ ও হাসান মুরাদ।

বিজ্ঞাপন

তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ৮ রানে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। ৪ রানে জীবন পেয়েও শেষ পর্যন্ত ৮ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে আউট হন তিনি। আরেক ওপেনার সাদমান ইসলামও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩ রান করে হাসান আলীর বলে স্লিপে ক্যাচ দেন তিনি। তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৩১ রানে ২ উইকেট।

এরপর চাপ সামাল দেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দুজন মিলে গড়েন ১৭০ রানের গুরুত্বপূর্ণ জুটি। দারুণ ব্যাটিংয়ে ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি তুলে নেন শান্ত। শেষ আট টেস্ট ইনিংসে এটি তার চতুর্থ শতক।

তবে শতক পূরণের পরের বলেই বিদায় নিতে হয় বাংলাদেশ অধিনায়ককে। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়ে উইকেট আদায় করে পাকিস্তান। ১৩০ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০১ রান করেন শান্ত।

বিজ্ঞাপন

অন্যদিকে দীর্ঘ সময় ক্রিজে থেকে সেঞ্চুরির খুব কাছে গিয়েও আক্ষেপ নিয়ে ফিরেছেন মুমিনুল হক। নোমান আলীর ঘূর্ণিতে এলবিডব্লিউ হওয়ার আগে ১৯৯ বলে ১০ চার মেরে ৯১ রান করেন তিনি। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে টিকে যায় সিদ্ধান্ত।

শেষদিকে মুশফিকুর রহিম ও লিটন দাস আর কোনো বিপদ হতে দেননি। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ আব্বাস ও নোমান আলী একটি করে উইকেট নেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD