Logo

শেষ রক্ষা হবে তো? তৃতীয় স্তরে নামার মুখে হামজার লেস্টার

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৬, ১৬:০৩
শেষ রক্ষা হবে তো? তৃতীয় স্তরে নামার মুখে হামজার লেস্টার
ছবি: সংগৃহীত

ইংলিশ ফুটবলে এক সময়ের শক্তিশালী দল লেস্টার সিটি এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমে রেলিগেশনে পড়ে দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে নামতে হয়েছিল দলটিকে। তবে সেখানে ঘুরে দাঁড়ানোর বদলে আরও বিপদে পড়েছে তারা। বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীর দলটি এখন তৃতীয় স্তরের লিগ ওয়ানে নেমে যাওয়ার শঙ্কায় দিন গুনছে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক পারফরম্যান্স সেই আশঙ্কাকেই আরও জোরালো করেছে। গতকাল পোর্টসমাউথের বিপক্ষে ১-০ গোলের পরাজয় লেস্টারের পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। এই হারের ফলে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির সামনে অবনমনের ঝুঁকি স্পষ্ট হয়ে উঠেছে।

একই সময়ে অন্যদিকে উন্নতির লড়াইয়ে বড় পদক্ষেপ নিয়েছে মিলওয়াল। কভেন্ট্রি সিটির সঙ্গে প্রিমিয়ার লিগে ওঠার প্রতিযোগিতায় এগিয়ে যেতে তারা ইপসউইচকে ২-০ গোলে হারিয়েছে। অ্যালেক্স নেইলের অধীনে মিলওয়াল দুই ম্যাচ কম খেলেও ইপসউইচের চেয়ে এক পয়েন্ট এগিয়ে গেছে, যা তাদের স্বপ্নকে আরও জোরালো করেছে।

বিজ্ঞাপন

লেস্টারের অবস্থা ঠিক উল্টো। টেবিলের নিচের দিকে থাকা দলটি কোনোভাবেই নিজেদের পতন ঠেকাতে পারছে না। প্রায় এক দশক আগে প্রিমিয়ার লিগ জয়ের গৌরব অর্জন করা এই ক্লাবটি এখন টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ছয় পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি।

তবে এই পয়েন্ট কাটা না হলেও লেস্টার যে বিপদমুক্ত থাকত, এমনটা নয়—তারা তখনও শেষ তিন দলের মধ্যেই অবস্থান করত। ফলে তাদের অবনমন অনেকটাই অবশ্যম্ভাবী হয়ে উঠেছে এবং আগামী ম্যাচেই সেটি নিশ্চিত হয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

পোর্টসমাউথের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের প্রতিনিধি হামজা চৌধুরীকে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে তুলে নেওয়া হয়। মাঠ ছাড়ার সময় স্বাগতিক দর্শকদের দুয়োর মুখে পড়েন তিনি। পরিস্থিতির উত্তাপে প্রতিক্রিয়া দেখালে রেফারি তাকে হলুদ কার্ড দেখান, যা ম্যাচের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে।

এখন লেস্টারের সামনে বাকি রয়েছে তিনটি ম্যাচ। এর মধ্যে পরবর্তী ম্যাচটি মঙ্গলবার হালের বিপক্ষে। এই ম্যাচসহ অবশিষ্ট যে কোনো একটি খেলায় পয়েন্ট হারালেই লিগ ওয়ানে অবনমন নিশ্চিত হয়ে যাবে। ফলে প্রতিটি ম্যাচই এখন লেস্টারের জন্য বাঁচা-মরার লড়াই, যেখানে সামান্য ভুলও তাদের ইতিহাসের আরও একটি হতাশাজনক অধ্যায়ে ঠেলে দিতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD