Logo

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেসার মারুফা

profile picture
ক্রীড়া ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:০৭
ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেসার মারুফা
ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টির সর্বশেষ আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে এক লাফে ১৯ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ১৮তম স্থানে। এটিই তার ক্যারিয়ারের সর্বোচ্চ র‍্যাঙ্কিং।

বিজ্ঞাপন

এই প্রথম আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ২০-এ জায়গা করে নিলেন মারুফা। এর আগে ২০২৪ সালে ২৩তম অবস্থানে ওঠাই ছিল তার সেরা অর্জন।

শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তবে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মারুফা। চার ওভারে মাত্র ২১ রান দিয়ে তিনি শিকার করেন তিনটি উইকেট। তার বোলিংয়ের ওপর ভর করেই ম্যাচে লড়াই জমিয়ে তুলেছিল বাংলাদেশ।

মারুফার পাশাপাশি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের। শ্রীলঙ্কার বিপক্ষে চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে একটি উইকেট নেওয়া অফস্পিনার সুলতানা খাতুন নয় ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে উঠে এসেছেন।

বিজ্ঞাপন

ব্যাটারদের মধ্যেও এসেছে অগ্রগতি। লঙ্কানদের বিপক্ষে ৩৪ রান করা সোবহানা মোস্তারি তিন ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠেছেন। ওপেনার দিলারা আক্তার ২৬ রান করে পাঁচ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৬২তম স্থানে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অধিনায়ক নিগার সুলতানা ওই ম্যাচে মাত্র চার রান করলেও র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে তার। তিনি উঠে এসেছেন ২১তম স্থানে, যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ অবস্থান।

বিজ্ঞাপন

এদিকে ১৪ রান করা ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ছয় ধাপ এগিয়ে যৌথভাবে ৯৬তম স্থানে রয়েছেন।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে ৩২তম অবস্থানে থাকা রাবেয়া খানও তালিকায় উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন।

নারী টি-টোয়েন্টির বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শ্রী চারানি। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। আর ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি প্রথম অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।

বিজ্ঞাপন

সূত্র: আইসিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD