জ্যোতি সরে দাঁড়ানোয় টি-টোয়েন্টি অধিনায়কত্বে আলোচনায় যারা

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতার পর সেমিফাইনালেই থেমে যায় বাংলাদেশের পথচলা। এরপর দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং ও নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পর্যবেক্ষণে থাকার গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জ্যোতি।
বিজ্ঞাপন
তার পদত্যাগের পর এখন সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি কয়েকজন তরুণ ক্রিকেটারের নামও রয়েছে।
ক্রিকবাজের প্রতিবেদনে বিসিবির একটি সূত্র জানিয়েছে, নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচন নিয়ে বোর্ডের শীর্ষ কর্মকর্তারা আলোচনায় বসলে বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার ও অলরাউন্ডার সোবহানা মোস্তারির নাম সামনে আসতে পারে।
বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘নিগারের জায়গা নেওয়ার মতো খুব বেশি ক্রিকেটার আছে বলে মনে হয় না। কিন্তু তিনি যখন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমাদের কাউকে খুঁজে বের করতেই হবে। সংক্ষিপ্ত সংস্করণে অবস্থান বিবেচনায় নাহিদা ও সোবহানা শক্তিশালী প্রার্থী।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নাহিদা ও সোবহানার বাইরে ভবিষ্যতের নেতৃত্বের কথা বিবেচনা করে অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদেরও প্রস্তুত করতে পারে বিসিবি। এ ক্ষেত্রে ‘এ’ দলের নেতৃত্ব দেওয়া রাবেয়া খাতুন, অলরাউন্ডার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের নাম বিকল্প হিসেবে আলোচনায় রয়েছে।
তবে বোর্ডের ভেতরে একটি ধারণা রয়েছে, এই মুহূর্তে ওই তরুণ ক্রিকেটারদের কাউকে সরাসরি জাতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া কিছুটা আগেভাগে হয়ে যেতে পারে।
বিজ্ঞাপন
এদিকে নতুন অধিনায়ক দ্রুত নির্ধারণ করতে হবে বাংলাদেশকে। জাপানে আগামী ২১ সেপ্টেম্বর এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচটিই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে জ্যোতির সম্ভাব্য শেষ ম্যাচ হতে পারে। তবে বাংলাদেশ ওই ম্যাচে জয় পেলে জ্যোতির নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ থাকতে পারে।
বাংলাদেশ নারী দলের কোচিং স্টাফেও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। প্রধান কোচ সারোয়ার ইমরানকে সরিয়ে তার জায়গায় ডেভিড হেম্পকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২২ সাল থেকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করে আসছেন নিগার সুলতানা জ্যোতি। তার নেতৃত্বে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে জয় পেয়েছিল বাংলাদেশ।
বিজ্ঞাপন
ওই বিশ্বকাপে ব্যাট হাতে চার ইনিংসে ১০৪ রান করেন জ্যোতি। উইকেটের পেছনেও তার অবদান ছিল উল্লেখযোগ্য; চার ম্যাচে তিনি সাতটি ডিসমিসালে অবদান রাখেন। তবে সাম্প্রতিক সময়ে তার ব্যাটিং ফর্ম এবং দলের ধারাবাহিক পরাজয় নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।








