প্রধান নির্বাচক হয়েও এনসিএল দল নির্বাচনে নেই হাবিবুল বাশার

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব নেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এরপর জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন কার্যক্রমে নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
বিজ্ঞাপন
বাশারের সঙ্গে নির্বাচক প্যানেলে রয়েছেন সাবেক ক্রিকেটার নাইম ইসলাম ও নাদিফ চৌধুরী। এর আগে প্যানেলে থাকা হাসিবুল হোসেন শান্তকে সম্প্রতি নারী বিভাগের নির্বাচক প্যানেলে স্থানান্তর করা হয়েছে। ফলে পুরুষ দলের নির্বাচক প্যানেলে বর্তমানে রয়েছেন তিনজন।
আগামী মাসে শুরু হওয়ার কথা লাল বলের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। এরই মধ্যে আসরটির দল নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। তবে এবারের এনসিএলে খেলোয়াড় নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না প্রধান নির্বাচক হাবিবুল বাশার।
বিষয়টি নিশ্চিত করে বাশার বলেন, তাকে আগেই এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। তার ভাষায়, ‘আমাকে আগে থেকে জানানো হয়েছিল। আলাপ হয়নি যে সেটা কিন্তু না, আলাপ করেই সিদ্ধান্ত হয়েছে। হয়তো নতুন যে দুইজন নির্বাচক রয়েছেন তাদের দেখতে এমন সিদ্ধান্ত হতে পারে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এবারের এনসিএলে তার কোনো ইনপুট থাকবে না জানিয়ে বাশার বলেন, ‘শুধু এই এনসিএলে ইনপুট থাকবে না আমার, এরপর বাকিগুলো নিয়ে আলাপ হয়নি। এ ছাড়া জাতীয় দল নিয়ে তো ব্যস্ততা ছিলই এ সময়ে।’
এদিকে, এনসিএলের দল নির্বাচনে প্রধান নির্বাচকের অনুপস্থিতির বিষয়ে বিস্তারিত জানতে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি দেশের বাইরে থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
পরে টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম কায়সারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করেননি।








