Logo

বায়ার্নে থাকছেন কেইন, চুক্তি নবায়নের আলোচনা শেষ পর্যায়ে

profile picture
ক্রীড়া ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৪১
বায়ার্নে থাকছেন কেইন, চুক্তি নবায়নের আলোচনা শেষ পর্যায়ে
ছবি: সংগৃহীত

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা ইতিবাচকভাবেই এগিয়ে যাচ্ছে হ্যারি কেইনের। জার্মান ক্লাবটিতে দীর্ঘমেয়াদে থাকার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক। এবার নতুন চুক্তি নিয়ে নিজেই আশাবাদী হওয়ার মতো বার্তা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বায়ার্নের সঙ্গে কেইনের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। ২০২৩ সালে টটেনহাম হটস্পার ছেড়ে জার্মান ক্লাবটিতে যোগ দেন এই ইংলিশ স্ট্রাইকার। গত আগস্ট থেকে তার চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা শুরু হয়। সেই আলোচনা এখন শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে।

চুক্তি নবায়নের অগ্রগতি নিয়ে কেইন বলেন, ‘আলোচনা ভালো হচ্ছে। আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। তবে কিছু বিষয় এখনো চূড়ান্ত করা বাকি। আমি এখানে সুখে আছি। আমার মনে হয়, খুব বেশি সময় লাগবে না—শিগগিরই এ বিষয়ে কোনো ঘোষণা আসতে পারে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বায়ার্নে নিজের পাশাপাশি পরিবারের স্বাচ্ছন্দ্যকেও গুরুত্ব দিচ্ছেন কেইন। মিউনিখের জীবনযাপন, কোচ ও সতীর্থদের সঙ্গে সম্পর্ক নিয়ে সন্তুষ্ট তিনি। ক্যারিয়ারের এই পর্যায়ে পরিচিত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে থাকাকে নিজের পারফরম্যান্স ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন ইংলিশ তারকা।

বিজ্ঞাপন

বায়ার্নের হয়ে কেইনের ধারাবাহিক পারফরম্যান্সও চুক্তি নবায়নের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্লাবটিতে যোগ দেওয়ার পর নিয়মিত গোল করে চলেছেন তিনি। এরই মধ্যে বায়ার্নের হয়ে দুটি বুন্দেসলিগা শিরোপা, একটি জার্মান কাপ ও দুটি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সুপারকাপ জিতেছেন এই স্ট্রাইকার।

কেইনকে ধরে রাখতে আগ্রহী বায়ার্নও। ক্লাবটির প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন এর আগে কেইনের সঙ্গে ক্লাবের সম্পর্ক ও বোঝাপড়ার প্রশংসা করেছেন। দুই পক্ষের মধ্যে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা স্বাভাবিকভাবেই এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD