নিজের নামে টুর্নামেন্ট আয়োজন, উচ্ছ্বসিত লিওনেল মেসি

তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেলে ধরার সুযোগ করে দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে এবার অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। প্রথম আসরে খেলেছিল আটটি দল।
বিজ্ঞাপন
আগামী ২৫ অক্টোবর শুরু হয়ে ১ নভেম্বর পর্যন্ত চলবে এবারের প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামি স্টেডিয়াম ও ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে হবে ম্যাচগুলো।
আয়োজকদের লক্ষ্য, বিশ্বের বিভিন্ন দেশের নামী ক্লাবের একাডেমি দলগুলোকে একই মঞ্চে এনে তরুণ খেলোয়াড়দের আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে খেলার সুযোগ দেওয়া। আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি মাঠ ও মাঠের বাইরেও খেলোয়াড়দের বিকাশে ভূমিকা রাখবে এই আয়োজন।
ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসিও টুর্নামেন্টটির মূল উদ্দেশ্য হিসেবে তরুণদের বিকাশের বিষয়টিকেই গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘মেসি কাপ আয়োজনের মূল উদ্দেশ্য হলো—ছেলেরা যেন নিজেদের বিকাশের এই গুরুত্বপূর্ণ বয়সে মাঠ ও মাঠের বাইরে একটি অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মেজাজ কেমন হয়, তা এখন থেকেই বুঝতে শিখুক।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রথম আসরের তুলনায় এবার টুর্নামেন্টের পরিধি দ্বিগুণ হওয়ায় সন্তুষ্ট মেসি। বিশ্বের বিভিন্ন শীর্ষ ক্লাবের তরুণদের একসঙ্গে খেলার সুযোগ তৈরি হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন তিনি।
মেসি বলেন, ‘টুর্নামেন্টটি যেভাবে বড় হচ্ছে, তা দেখে আমরা সত্যিই খুব আনন্দিত। বিশ্বের সেরা সেরা ক্লাব থেকে আসা তরুণ খেলোয়াড়দের এখানে একত্রিত হতে দেখে ভালো লাগছে—যাতে তারা একে অপরের বিপক্ষে লড়তে পারে, অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারে এবং সবচেয়ে বড় কথা, ফুটবলকে উপভোগ করতে পারে।’
এবারের মেসি কাপে অংশ নেবে ইন্টার মায়ামি, আয়াক্স, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেনফিকা, বার্সেলোনা, পালমেইরাস, আর্সেনাল, নিউওয়েলস ওল্ড বয়েজ, ফ্ল্যামেঙ্গো, ইউই কর্নেয়া, ম্যানচেস্টার সিটি, বোকা জুনিয়র্স, রিভার প্লেট, ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভ্যালে ও চেলসি।
বিজ্ঞাপন
টুর্নামেন্টের ম্যাচগুলো ডিজনি প্লাস ও ইএসপিএন প্লাসে সরাসরি সম্প্রচারের কথা রয়েছে। তবে কোন অঞ্চলে কীভাবে ম্যাচগুলো দেখা যাবে, তা স্থানীয় সম্প্রচার-সুবিধার ওপর নির্ভর করবে।








