টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে বাংলাদেশ: মুশতাক

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) চক্রে ফাইনালে খেলার সুযোগ বাংলাদেশের রয়েছে বলে মনে করেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাকি ম্যাচগুলোতে ভালো ফল করতে পারলে ফাইনালে জায়গা করে নেওয়া সম্ভব।
বিজ্ঞাপন
মুশতাক বলেন, ‘ইনশাআল্লাহ সম্ভব (ফাইনাল খেলা)। কেন নয়। ভালো খেলতে হবে, ভালো অবস্থানে আছি আমরা। বিশ্বাস রেখে খেলতে হবে।’
বাংলাদেশ এখন যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে বলেও বিশ্বাস মুশতাকের। তিনি বলেন, ‘আল্লাহর রহমতে আমরা এখন যে কোনো দলকে হারাতে পারি। এই বিশ্বাস সবারই প্রয়োজন। স্কিল আছে, খেলোয়াড় আছে, বিশ্বাসই আছে। এই বিশ্বাস থাকলে আপনি অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায়, ইংল্যান্ডকে ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকায় হারাবেন।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট অভিজ্ঞতার উদাহরণও টানেন এই স্পিন কোচ। তিনি বলেন, ‘পাকিস্তানে সবুজ পিচে আমরা টেস্ট হারিয়েছি। এরপর যখন ওরা এখানে এলো, টার্নিং পিচ নয়, গ্রিন পিচে খেলেই ওদের হারিয়েছি। স্পিনাররা গ্রিন পিচে বল স্পিন করাচ্ছে।’
বিজ্ঞাপন
মুশতাকের মতে, সাফল্যের জন্য মানসিক দৃঢ়তা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘হারার ভয় না থাকলেই আপনি জিততে পারবেন। আর কোচ হিসেবে এই মাইন্ডসেট পরিবর্তন করাই আমাদের কাজ। এটার কৃতিত্ব নির্বাচক, কোচ, সব খেলোয়াড়ের, সব স্টেকহোল্ডারের। তারাই বিশ্বাস করে, আমরা এখন যে কোনো দলকে চ্যালেঞ্জ করতে পারি।’
দলের পারফরম্যান্সে সন্তুষ্ট মুশতাক সবার অবদানের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি খুবই খুশি। আল্লাহর কাছে কৃতজ্ঞ। এটার কৃতিত্ব সবার—খেলোয়াড়, কোচ সবার। আমার একার নয়। সবাই একই পৃষ্ঠায় আছি। আমি যাদের নিয়ে কাজ করি তারা ম্যাচ জয়ের চেষ্টা করতে পারে যেকোনো মুহূর্ত থেকে। তাই যে কাউকেই আমরা চ্যালেঞ্জ করতে পারি।’








