প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার ব্রিটজকে

আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাট হাতে দারুণ ধারাবাহিক দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটজকে। এবার নিজের প্রথম ১৪ ওয়ানডেতেই সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন এই ডানহাতি ব্যাটার।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে প্রথম ১৪ ওয়ানডেতে ব্রিটজকের মোট রান দাঁড়িয়েছে ৮২২। এর আগে প্রথম ১৪ ম্যাচে সর্বোচ্চ ৭৬৩ রান করেছিলেন পাকিস্তানের সাবেক ওপেনার ইমাম-উল-হক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১২ রানের ইনিংস খেলে সেই রেকর্ড ছাড়িয়ে যান ব্রিটজকে।
ডারবানে ম্যাচটিতে আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ১০৬ বলে ১৪টি চার ও দুটি ছক্কায় ১১২ রান করেন ব্রিটজকে। সেঞ্চুরি পূর্ণ করার পর ইনিংসের শেষদিকে রানআউট হন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এটি ছিল ব্রিটজকের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। একই সঙ্গে প্রথম ১৪ ওয়ানডেতে আটটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের রেকর্ডেও জায়গা করে নিয়েছেন তিনি। এর মধ্যে ছয়টি অর্ধশতক ও দুটি শতক। প্রথম ১৪ ওয়ানডেতে সমান আটটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস ছিল ভারতের নভজোৎ সিং সিধুরও।
বিজ্ঞাপন
ম্যাচের শুরুতে অবশ্য চাপে ছিল দক্ষিণ আফ্রিকা। দলীয় রান ১৪ হওয়ার আগেই টনি ডি জর্জি ও কুইন্টন ডি কক ফিরে যান। অধিনায়ক টেম্বা বাভুমা ৪৮ বলে ৩০ রান করেন। রায়ান রিকেলটন ২৭ ও ডেভিড মিলার ৯ রান করে আউট হলে বড় সংগ্রহ নিয়ে শঙ্কা তৈরি হয়।
সেখান থেকে ব্রিটজকে ও মার্কো জানসেনের জুটি দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। জানসেন ৫৯ বলে সাতটি চার ও চারটি ছক্কায় ৭৫ রান করেন।
অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস তিনটি এবং অ্যাডাম জাম্পা দুটি উইকেট নেন।








