আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে নেপালের বড় চমক

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দারুণ চমক দেখিয়েছে নেপাল। শক্তিশালী আফগান ব্যাটিং লাইনআপকে মাত্র ১০২ রানে আটকে দেওয়ার পর দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৯তম ওভারেই জয় নিশ্চিত করে নেপাল। এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের ক্রমবর্ধমান সক্ষমতারও জানান দিল দলটি।
বিজ্ঞাপন
জাপানের নিশিনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক দারউইশ রাসুলি। তবে শুরু থেকেই নেপালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে চাপে পড়ে আফগানিস্তান। ইনিংসের প্রথম ওভারেই কোনো রান না করে ফেরেন মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল।
দলীয় ১৬ রানেই আরও দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানরা। সাজঘরে ফেরেন মোহাম্মদ আকরাম ও করিম জানাত। এরপর ফয়সাল খান আহমেদজাই ও নাজিবউল্লাহ জাদরান জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ফয়সাল ৩৩ বলে ৩০ এবং নাজিবউল্লাহ ৪০ বলে ৩০ রান করলেও ধীরগতির ব্যাটিংয়ে আফগানিস্তানের রান তোলার গতি বাড়েনি।
শেষ দিকে নাঙ্গেয়ালিয়া খান খারোটের ১৫ বলে ১৭ রানের ইনিংসে কোনোমতে শতরান পার করে আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে তারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নেপালের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন কুশল ভুর্তেল। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন তিনি। ললিত রাজবংশীও ছিলেন কার্যকর; ১৩ রান খরচ করে শিকার করেন ৩ উইকেট।
১০৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও অবশ্য শুরুতে চাপে পড়ে নেপাল। কোনো রান যোগ হওয়ার আগেই আউট হন কুশল ভুর্তেল। এরপর আসিফ শেখ ২ ও কুশল মাল্লা ৯ রান করে বিদায় নিলে দ্রুত তিন উইকেট হারায় নেপাল।
তবে সেখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় নেপাল। চতুর্থ উইকেটে সুনদীপ জোড়া ও অধিনায়ক দিপেন্দ্র সিং অইরি গুরুত্বপূর্ণ জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। সুনদীপ ৩৫ বলে ৩৪ রান করে ফিরলেও দিপেন্দ্র ও রোহিত পাউডেলের দায়িত্বশীল ব্যাটিংয়ে আর কোনো বড় বিপদে পড়তে হয়নি নেপালকে।
বিজ্ঞাপন
শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় নেপাল। শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে এই জয় এশিয়ান গেমসে নেপালের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস যোগ করল।








