Logo

৩-০ গোলে হেরে মালয়েশিয়ার কাছে পাত্তাই পেলেন না হামজারা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১৫
৩-০ গোলে হেরে মালয়েশিয়ার কাছে পাত্তাই পেলেন না হামজারা
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। প্রথমার্ধে দুই গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কয়েকটি সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলের দেখা পায়নি বাংলাদেশ।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মালয়েশিয়া। বিপরীতে বাংলাদেশের খেলায় ছিল ছন্দ ও সমন্বয়ের ঘাটতি। ম্যাচের চতুর্থ মিনিটেই কর্নার থেকে পাওয়া বলে গোলের চেষ্টা করে মালয়েশিয়া। তবে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দ্রুত প্রতিক্রিয়ায় বলটি বাইরে পাঠিয়ে দেন।

এরপর ধারাবাহিক আক্রমণে বাংলাদেশকে চাপে রাখে মালয়েশিয়া। রক্ষণভাগের খেলোয়াড়দের প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই বেশি সময় ব্যয় করতে হচ্ছিল। ১৮তম মিনিটে সেই চাপের ফল পায় মালয়েশিয়া।

মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ে বাংলাদেশের ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী আরিফ আইয়ান। তাকে আটকানোর চেষ্টা করেছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। কিন্তু শেষ পর্যন্ত আরিফকে থামানো যায়নি। গোলরক্ষক শ্রাবণকেও পরাস্ত করে বল জালে পাঠিয়ে মালয়েশিয়াকে এগিয়ে দেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

৩৮তম মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আরিফ আইমান। তপু বর্মণের ভুল পাস থেকে বল পেয়ে যান মালয়েশিয়ার তারকা ফরোয়ার্ড। সুযোগটি কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ফলে বিরতিতে ২-০ গোলে এগিয়ে থাকে মালয়েশিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ আক্রমণে কিছুটা গতি বাড়ানোর চেষ্টা করে। কিন্তু ৫২তম মিনিটেই আবারও গোল হজম করতে হয়। ডান প্রান্ত থেকে আসা বল বাম পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ে শট নেন ব্রাজিলে জন্ম নেওয়া মালয়েশিয়ান ফরোয়ার্ড বের্গসন গুস্তাভো। শটের গতি খুব বেশি না হলেও সেটি ঠেকাতে পারেননি শ্রাবণ। এতে বাংলাদেশের বিপক্ষে মালয়েশিয়ার ব্যবধান দাঁড়ায় ৩-০।

এরপর গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ৭৬তম মিনিটে গোলের দারুণ সুযোগও তৈরি হয়। সতীর্থের বাড়ানো বলে ডি-বক্সে ঢুকে পড়েন হামজা চৌধুরী। সামনে তখন শুধু মালয়েশিয়ার গোলরক্ষক। কিন্তু হামজার প্রথম শট ঠেকিয়ে দেন তিনি। ফিরতি বল থেকে দ্বিতীয়বার শট নিলেও সেটি কর্নারের বিনিময়ে রুখে দেন মালয়েশিয়ার গোলকিপার।

বিজ্ঞাপন

শেষ দিকে বাংলাদেশ আরেকটু চেষ্টা করলেও ব্যবধান কমানো সম্ভব হয়নি। ফলে শেষ বাঁশি বাজার সময় স্কোরলাইন থাকে মালয়েশিয়া ৩, বাংলাদেশ ০।

থমাস ডুলির দলকে তাই ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD