Logo

ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলবে আয়ারল্যান্ড, থাকছে বিশেষ প্রতিবাদ

profile picture
ক্রীড়া ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:২২
ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলবে আয়ারল্যান্ড, থাকছে বিশেষ প্রতিবাদ
ছবি: সংগৃহীত

নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি নিয়ে কয়েক দিন ধরে বিতর্ক চলছিল আয়ারল্যান্ডে। দুই দল একই গ্রুপে পড়ার পর থেকেই ম্যাচ না খেলার আহ্বান জানিয়ে ‘স্টপ দ্য গেম’ নামে প্রচারণাও শুরু হয়। গাজা যুদ্ধকে ঘিরে দেশটির চলমান রাজনৈতিক ও সামাজিক বিতর্কের প্রভাব পড়ে ফুটবল অঙ্গনেও।

বিজ্ঞাপন

শনিবার ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। আয়ারল্যান্ড দলের অনুশীলন সেশনেও বিলম্ব হয়।

এরপর খেলোয়াড়রা হোটেলে নিজেদের মধ্যে বৈঠকে বসেন। মাঠে নামা নিয়ে দলের ভেতরে উদ্বেগ থাকলেও শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন তারা। এর আগে আয়ারল্যান্ডের গোলরক্ষক গাভিন বাজুনু ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন।

হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে অবশ্য গাজা যুদ্ধ নিয়ে নিজেদের অবস্থানের প্রতীকী প্রকাশ রাখবে আয়ারল্যান্ড। গাজায় নিহতদের স্মরণে আইরিশ খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ডেভিড কোরেল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দেরিতে শুরু হওয়া সংবাদ সম্মেলনে কোরেল বলেন, ‘তাদের অন্যতম অনুরোধ ছিল এই উইন্ডোতে বাকি সময়ে গণমাধ্যমের দায়বদ্ধতা তারা পালন করবে না। এছাড়া (গাজায়) সংঘাতে নিহতদের স্মরণে তারা কালো আর্মব্যান্ড পরবে।’

ম্যাচের আগে নির্ধারিত কিছু আনুষ্ঠানিকতা থেকেও নিজেদের সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। কোরেল বলেন, ‘ম্যাচ-পূর্ববর্তী অনুষ্ঠানের কিছু অংশে রিপাবলিক অফ আয়ারল্যান্ড অংশগ্রহণ করবে না এবং খেলোয়াড়দেরও ইচ্ছা আছে যে, (ইসরায়েলের দুটি খেলার) ম্যাচ ফি এবং (বৃহস্পতিবার ডাবলিনের আভিভা স্টেডিয়ামে) অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ দাতব্য অনুদান দিয়ে উল্লেখযোগ্য অবদান রাখা হবে।’

অর্থাৎ ম্যাচটি বয়কট না করলেও খেলোয়াড়দের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচ ঘিরে কয়েকটি আনুষ্ঠানিকতা এড়িয়ে যাবে আয়ারল্যান্ড। পাশাপাশি ম্যাচ ফি ও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া অর্থের একটি উল্লেখযোগ্য অংশ দাতব্য কাজে দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD