ভারতের সঙ্গে ড্রয়ের পর বেঙ্গালুরুর যানজটকে দায়ী করলেন কোচ

বিশ্বকাপে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মতো দলের বিপক্ষে খেলা পানামার কাছে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে জয় প্রত্যাশিত ছিল। র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধানও ছিল প্রায় একশ ধাপ। তবে মাঠের লড়াইয়ে সেই পার্থক্য দেখা যায়নি। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
বিজ্ঞাপন
ঘরের মাঠে শক্তিশালী পানামার বিপক্ষে হার এড়াতে পারায় ভারতের জন্য ম্যাচটি ছিল আত্মবিশ্বাস বাড়ানোর মতো। তবে প্রত্যাশিত জয় না পাওয়ার পর ম্যাচের বাইরের পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পানামার প্রধান কোচ থমাস ক্রিস্টিয়ানসেন।
পানামা দলের অভিযোগের কেন্দ্রে ছিল বেঙ্গালুরুর তীব্র যানজট ও যাতায়াত ব্যবস্থাপনা। ম্যাচের আগে যানজট পেরিয়ে স্টেডিয়ামে পৌঁছাতে দলটির প্রায় দুই ঘণ্টা বাসে কাটাতে হয়েছে বলে জানান কোচ।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ক্রিস্টিয়ানসেন বলেন, ‘আমি চাই না এটাকে কোনো অজুহাত বলে মনে হোক, কিন্তু যানজটের মধ্যে দিয়ে দুই ঘণ্টা বাসে করে স্টেডিয়ামে পৌঁছানো সহজ কাজ নয়। এখানে আসার আয়োজন এবং যাতায়াতও বেশ জটিল ছিল। ভবিষ্যতে এই ধরনের চুক্তিতে স্বাক্ষর করার সময় আমাদের আরও বিচক্ষণ হতে হবে। আমি চাই না এটাকে কোনো অজুহাত বলে মনে হোক, কিন্তু মাঠের ভেতরে ও বাইরে বিষয়গুলো সামলানোর ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ আমাদর খেলোয়াড়রা এর চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্য।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পানামা কোচের মতে, ম্যাচের প্রস্তুতির পাশাপাশি মাঠের বাইরের ব্যবস্থাপনাও খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় যানজটে আটকে থাকার বিষয়টি নিয়ে তিনি ভবিষ্যতে আয়োজকদের আরও সতর্ক হওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন।
এদিকে ভারতের সামনে এখন আরও বড় পরীক্ষা। আগামী ৩ অক্টোবর কলকাতায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দলের যাতায়াত ও অন্যান্য ব্যবস্থাপনায় আয়োজকরা বিশেষ গুরুত্ব দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।








