Logo

সিঙ্গাপুরের দুই-তিনজন খেলোয়াড় ‘ডেঞ্জারাস’: শামিত

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২১:২৮
সিঙ্গাপুরের দুই-তিনজন খেলোয়াড় ‘ডেঞ্জারাস’: শামিত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ফিফা আসিয়ান কাপে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সোমবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। জাকার্তার গ্যালোরা বাং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে হেরে যাওয়া দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের জন্য চাপ বাড়িয়েছে। অন্যদিকে সিঙ্গাপুরও নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হেরেছে। ফলে পরের পর্বের লড়াইয়ে টিকে থাকতে দুই দলের কাছেই জয়ের গুরুত্ব অনেক।

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৩ ধাপ এগিয়ে সিঙ্গাপুর। চলতি বছর এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে দলটির বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। হোম ও অ্যাওয়ে—দুই ম্যাচেই হেরেছিল হামজা-শামিতরা। প্রথম ম্যাচের ফল ছিল ২-১, দ্বিতীয়টি ১-০।

আগের সেই দুই ম্যাচের অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চান বাংলাদেশের মিডফিল্ডার শামিত সোম। কানাডাপ্রবাসী এই ফুটবলার বর্তমানে নিউইয়র্ক কসমসে খেলছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সিঙ্গাপুরের বিপক্ষে আগের ম্যাচ এবং এই টুর্নামেন্টে ইন্দোনেশিয়ার বিপক্ষে তাদের পারফরম্যান্স বিশ্লেষণ করে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন শামিত।

তিনি বলেন, ‘ওদের (সিঙ্গাপুর) এ বছরই ম্যাচ খেলেছি। বলা যায়, এক বছরের মধ্যে দুই ম্যাচ। এটাও দেখেছি, এই টুর্নামেন্টে ওরা ইন্দোনেশিয়ার বিপক্ষে কেমন খেলেছে। আমরা সেগুলো থেকে শিখছি, বুঝতেছি। যা মাঠে প্রয়োগ করতে পারবো। আমরা নিজেদের তৈরি করছি, যাতে ভালো একটা রেজাল্ট পেতে পারি। আমরা দুই ম্যাচ হেরেছি। এবার সে প্রতিশোধের একটা ইচ্ছা আছে।’

সিঙ্গাপুরের খেলার ধরন সম্পর্কেও সতীর্থদের সতর্ক করেছেন শামিত। দলটির কাঠামোগত দিকের প্রশংসা করে তিনি বলেন, ‘ওদের ফুটবলে ভালো একটা স্ট্রাকচার আছে। দলটিতে দুই-তিনজন খেলোয়াড় আছেন, তারা খুবই ড্যাঞ্জারাস। তবে আমরা ওইটা আগের থেকেই জানি। নতুন কোচের অধীনে এই ম্যাচে ভালো করতে পারবো বলেই আশা করি।’

বিজ্ঞাপন

মালয়েশিয়ার বিপক্ষে পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করলেও সেই ম্যাচকে পেছনে রেখে সামনে তাকাতে চান শামিত। তিনি বলেন, ‘আমরা যেভাবে খেলসি মালয়েশিয়ার বিপক্ষে, তাতে খুশি তো হওয়ার কিছু নেই। এখন মূল কথা হলো, উই হ্যাভ টু মুভ অন টু দ্য নেক্সট গেম। মেইন জিনিস হলো কালকে। সো এখন সবার ফোকাস আছে সিঙ্গাপুরের ম্যাচে।’

বাংলাদেশের জন্য তাই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠেছে ঘুরে দাঁড়ানোর লড়াই। ছয় মাস আগে পাওয়া দুই পরাজয়ের জবাব দেওয়ার সুযোগও দেখছেন শামিতরা। নতুন কোচ টমাস ডুলির অধীনে সেই প্রস্তুতি মাঠে কতটা কাজে আসে, সেটিই এখন দেখার বিষয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD