ভারতের মাটিতে প্রথম সফরেই নজর কাড়েন ভিনিসিয়ুস

ভারতীয় ফুটবলের জন্য আগামী ৩ অক্টোবর হতে যাচ্ছে বিশেষ এক দিন। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। ম্যাচটিকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আগ্রহ।
বিজ্ঞাপন
বিশ্ব র্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে বড় ব্যবধান থাকলেও ভারতকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল। দলটির স্কোয়াডে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল ও এন্দ্রিকের মতো তারকারা।
তবে ভিনিসিয়ুসের জন্য ভারত সফর এবারই প্রথম নয়। এক দশক আগে বয়সভিত্তিক একটি টুর্নামেন্টে অংশ নিতে ভারতের মাটিতে এসেছিলেন ব্রাজিলের এই তারকা।
২০১৬ সালের অক্টোবরে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হয় প্রথম ব্রিকস অনূর্ধ্ব-১৭ ফুটবল কাপ। ব্রাজিলের হয়ে সেই প্রতিযোগিতায় খেলেছিলেন ভিনিসিয়ুস। স্বাগতিক ভারত ছাড়াও দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ও চীনের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তখন ভিনিসিয়ুস ছিলেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর যুব অ্যাকাডেমির খেলোয়াড়। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে চার গোল করেন তিনি। এর ফলে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতাও হন ভিনিসিয়ুস। প্রতিটি ম্যাচেই জয় পেয়ে শেষ পর্যন্ত শিরোপা জেতে ব্রাজিল।
ভারতের বিপক্ষেও গোল করেছিলেন ভিনিসিয়ুস। ম্যাচটিতে ব্রাজিল ৩-১ গোলে জয় পায়। ৮২তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন তিনি।
ভারত সফরের প্রায় এক বছর পর ভিনিসিয়ুসকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। ৪৬ মিলিয়ন ইউরোর চুক্তিতে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেন তিনি।
বিজ্ঞাপন
পরের বছর ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপও ভারতে অনুষ্ঠিত হয়। সেই টুর্নামেন্টে ব্রাজিলের হয়ে খেলার সম্ভাবনা থাকলেও সদ্য রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া ভিনিসিয়ুসকে ক্লাবটি ছাড়েনি।
এক দশক পর এবার সিনিয়র দলের হয়ে ভারতের মাটিতে ফিরছেন ভিনিসিয়ুস। ফলে ২০১৬ সালের সেই স্মৃতির পর ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে আবারও ভারতীয় দর্শকদের সামনে দেখার অপেক্ষা তৈরি হয়েছে।








