প্রথমবারের মতো আইপিএলে প্রধান কোচ হলেন সৌরভ গাঙ্গুলি

আইপিএলে নির্দিষ্ট দলের দায়িত্বে এর আগে কাজ করলেও এবার প্রথমবারের মতো প্রধান কোচের দায়িত্ব পেলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ২০২৭ আসরের আগে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ‘মহারাজা’খ্যাত এই সাবেক ক্রিকেটার।
বিজ্ঞাপন
এর আগে দুই মৌসুম দিল্লির প্রধান কোচের দায়িত্বে ছিলেন হেমাং বাদানি। ২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের সহকারী স্টাফ ও পরামর্শক হিসেবে কাজ করে আসছিলেন গাঙ্গুলি।
বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর ভারতের পুরুষ ও নারী জাতীয় দলের ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন গাঙ্গুলি।
দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হওয়ার প্রতিক্রিয়ায় গাঙ্গুলি বলেন, ‘আইপিএলে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি আমার হৃদয়ের খুব কাছের এবং বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমার গভীর সম্পর্ক গড়ে উঠেছে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘মালিকপক্ষ, ব্যবস্থাপনা পর্ষদ, সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তাই এই দায়িত্বটি আমার কাছে অত্যন্ত রোমাঞ্চকর। আমাদের দলে একঝাঁক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে এবং সাম্প্রতিক সময়ে আমরা চমৎকার ক্রিকেট খেলেছি। আমি এই দলের সঙ্গে কাজ করতে, নতুন মৌসুম শুরু করতে এবং একটি শক্তিশালী ও নির্ভীক দল গড়ে তুলতে উন্মুখ হয়ে আছি।’
আইপিএলের শুরু থেকে থাকা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস এখনো শিরোপার দেখা পায়নি। দিল্লি ২০২০ সালে ফাইনালে উঠে শিরোপার সবচেয়ে কাছে পৌঁছেছিল। পরের বছর পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও ফাইনালে উঠতে পারেনি দলটি।
২০২১ সালের পর আর প্লে-অফে জায়গা করে নিতে পারেনি দিল্লি। সর্বশেষ মৌসুমে অক্ষর প্যাটেল ও হেমাং বাদানির তত্ত্বাবধানে দলটি ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করে।
বিজ্ঞাপন
এবার সৌরভ গাঙ্গুলির সামনে দিল্লি ক্যাপিটালসকে আইপিএলের প্রথম শিরোপা এনে দেওয়ার লক্ষ্যে দলটিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব।








