মেসির বিদায়ী ম্যাচে লাল-হলুদ দুই কার্ডই দিলেন রেফারি

ফুটবলে লাল ও হলুদ কার্ড সাধারণত শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসির বিদায়ী আন্তর্জাতিক ম্যাচে সেই দুই কার্ডই হয়ে উঠল ভালোবাসা ও স্মৃতির বিশেষ উপহার। ম্যাচ শেষ হওয়ার পর চিলির রেফারি ফার্নান্দো ভেখার নিজের ব্যবহৃত লাল ও হলুদ কার্ড দুটি আর্জেন্টাইন কিংবদন্তির হাতে তুলে দেন স্মারক হিসেবে।
বিজ্ঞাপন
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয় মনুমেন্টালে। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ রাঙান ৩৯ বছর বয়সী এই মহাতারকা। ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেন তিনি।
তবে ম্যাচের পরের একটি দৃশ্য পরিসংখ্যানের বাইরেও মেসির বিদায়কে আরও স্মরণীয় করে তোলে। শেষ বাঁশি বাজার পর মেসিকে ঘিরে যখন সতীর্থ, প্রতিপক্ষ ও শুভাকাঙ্ক্ষীদের ভিড়, তখন তার কাছে এগিয়ে যান ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা চিলির রেফারি ফার্নান্দো ভেখার।
ভেখারের হাতে ছিল ম্যাচে ব্যবহৃত হলুদ ও লাল কার্ড। তিনি কার্ড দুটি মেসির হাতে তুলে দেন শাস্তি হিসেবে নয়, বরং তার শেষ আন্তর্জাতিক ম্যাচের স্মারক হিসেবে। ক্যামেরায় ধরা পড়া সেই মুহূর্ত দ্রুতই ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইতালির লা গেজেটা ডেলো স্পোর্টও জানিয়েছে, ম্যাচ শেষে রেফারি মেসিকে হলুদ ও লাল কার্ড দুটি স্মারক হিসেবে উপহার দেন। অর্থাৎ ম্যাচ চলাকালে মেসিকে কোনো কার্ড দেখানো হয়নি; শেষ বাঁশির পরই এগুলো তার হাতে তুলে দেওয়া হয়।
কার্ড দুটির পাশাপাশি ম্যাচের বলও মেসির হাতে তুলে দেওয়া হয়। এরপর বেনিনের খেলোয়াড়েরা একে একে তার কাছে এসে শুভেচ্ছা জানান। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে প্রতিপক্ষের কাছ থেকেও পাওয়া এই সম্মান মেসির বিদায়কে আরও আবেগঘন করে তোলে।
বিজ্ঞাপন
বিদায়ী অনুষ্ঠানের পর মেসিকে দেওয়া সেই কার্ড দুটি হাতে দেখা যায় আর্জেন্টাইন গায়িকা সোলেদাদ পাস্তোরুত্তিকেও। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিএন জানিয়েছে, রেফারির কাছ থেকে পাওয়া কার্ড দুটি পরে মেসি সোলেদাদের হাতে তুলে দেন। মেসির সম্মানে ওই অনুষ্ঠানে গানও পরিবেশন করেন তিনি।
ফুটবলে লাল কার্ডের অর্থ মাঠ থেকে বিদায় এবং হলুদ কার্ড সতর্কতার প্রতীক। কিন্তু মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে এই দুই কার্ডের অর্থ যেন বদলে গেল। শাস্তির প্রতীক হওয়ার বদলে এগুলো হয়ে উঠল তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচের স্মারক।
বেনিনের বিপক্ষে ম্যাচটিতে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করা মেসির আন্তর্জাতিক ম্যাচসংখ্যা দাঁড়িয়েছে ২০৮-এ। তার আন্তর্জাতিক গোলসংখ্যা ১২৬ এবং অ্যাসিস্ট ৭০টি।
বিজ্ঞাপন
মনুমেন্টালে শেষ বাঁশি বাজার পর মেসির হাতে উঠে আসা লাল ও হলুদ কার্ড তাই ফুটবলের প্রচলিত অর্থের বাইরে গিয়ে লিখে রাখল এক আবেগঘন বিদায়ের গল্প। যে কার্ড দিয়ে সাধারণত খেলোয়াড়কে শাস্তি দেওয়া হয়, মেসির ক্ষেত্রে সেই কার্ডই হয়ে রইল ভালোবাসা ও স্মৃতিতে মোড়া শেষ আন্তর্জাতিক ম্যাচের উপহার।








