‘পুরো বিশ্ব তোমার কাছে কৃতজ্ঞ’, মেসির বিদায়ে নেইমার

আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। ঐতিহাসিক এই মুহূর্তের আগে সাবেক সতীর্থ ও বন্ধু মেসিকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
বিজ্ঞাপন
বার্সেলোনায় দীর্ঘ সময় একসঙ্গে খেলার পর পিএসজিতেও সতীর্থ ছিলেন নেইমার ও মেসি। ক্লাব ফুটবলের পাশাপাশি তাদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধুত্ব। সেই সম্পর্কের স্মৃতি তুলে ধরে মেসির বিদায় উপলক্ষে নিজের অনুভূতি প্রকাশ করেছেন নেইমার।
নেইমার লিখেছেন, ‘ফুটবলকে যারা ভালোবাসে, তারা এত বছর ধরে তোমাকে উপভোগ করেছে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
মেসির শেষ ম্যাচ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আজ তোমার দেশের ও জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। আশা করি, তুমি প্রতিটি মুহূর্ত উপভোগ করবে। আজকের সব সম্মাননা যেন তোমাকে আনন্দ দেয়। শুধু আর্জেন্টিনা তোমাকে ধন্যবাদ জানাচ্ছে না, ফুটবলের জন্য তুমি যা করেছ, তার জন্য পুরো বিশ্ব তোমার কাছে কৃতজ্ঞ।’
মেসির সঙ্গে খেলা ও বন্ধুত্বের স্মৃতিচারণ করে নেইমার আরও লেখেন, ‘আমাকে আরও বেশি করে ফুটবলকে ভালোবাসতে শেখানোর জন্য ধন্যবাদ। তোমার বিপক্ষে খেলতে পারা ছিল সম্মানের, আর তার চেয়েও বেশি সম্মানের ছিল তোমার পাশে থেকে ইতিহাসের অংশ হতে পারা।’
বিজ্ঞাপন
বার্তার শেষে তিনি লেখেন, ‘ধন্যবাদ, লিও মেসি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিদায়ী ম্যাচে আজ বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচটি ঘিরে নেওয়া হয়েছে বিশেষ আয়োজন। ৩৯ বছর বয়সী মেসি এর আগে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। বেনিনের বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার জার্সিতে তার শেষ উপস্থিতি হতে যাচ্ছে।
আর্জেন্টিনার হয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি জিতেছেন বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো গুরুত্বপূর্ণ শিরোপা। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি। তাই বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার পাশাপাশি বিশ্বজুড়েও মেসিকে ঘিরে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ।








