নির্মাণাধীন ভবনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

নির্মাণাধীন ভবনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
বিজ্ঞাপন
ঝিনাইদহের শৈলকুপায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে প্রিতম (২০) নামে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্টের পর তিনি ভবনের তৃতীয় তলা থেকে নিচে পড়ে যান।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে পৌরসভার কবিরপুর গ্রামে খাদ্য গুদামের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রিতম উপজেলার ঝাউদিয়া আবাসন প্রকল্পের জিতেনের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কবিরপুর গ্রামের মনিরুল ইসলামের নির্মাণাধীন তিনতলা ভবনে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন প্রিতম। ইট ওঠানোর সময় অসাবধানতাবশত তিনি পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে রাস্তায় পড়ে যান।
বিজ্ঞাপন
তাৎক্ষণিকভাবে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
খবর পেয়ে শৈলকুপা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।
বিজ্ঞাপন
এদিকে, এ ঘটনায় নিহত প্রিতমের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী অভিযোগ করেছেন, আবাসিক এলাকায় বহুতল ভবনের এত কাছ দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন থাকা নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। ভবন নির্মাণে মালিকপক্ষের নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা—তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
এসএ/








